মোহামেডানের বিপক্ষে ১৩৫ রান করেছিলেন লিটন দাস। ম্যাচটা জিতেছিল তাঁর দল আবাহনীও। তবু সেদিন নায়ক হতে পারেননি লিটন। তিনি ঢাকা পড়ে যান মোহামেডানের রকিবুল হাসানের ১৯০ রানের দুর্দান্ত ইনিংসটির ছায়ায়। এক ম্যাচ পর কাল আবার সেঞ্চুরি করলেন আবাহনীর ওপেনার। এবার আর কারও ছায়ায় ঢাকা পড়েননি, রূপগঞ্জের বিপক্ষে আবাহনীর ৪৯ রানের জয়ে তিনিই নায়ক।
এই জয়ে সুপার লিগও নিশ্চিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। খেলাঘরকে হারিয়ে শেষ ছয়ে জায়গা নিশ্চিত করেছে প্রাইম দোলেশ্বরও। কাল ম্যাচ না থাকলেও রূপগঞ্জের হার নিশ্চিত করেছে প্রাইম ব্যাংকের সুপার লিগে উত্তরণও। প্রথম নয় ম্যাচেই হারা ভিক্টোরিয়া এদিন দেখা পেয়েছে প্রথম জয়ের। দিনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে ৩ বল ও ২ উইকেট হাতে রেখেই পারটেক্সের ২৯৮ রান টপকে গেছে ভিক্টোরিয়া। যাতে সবচেয়ে বড় ভূমিকা পেশিতে টান পড়ায় হাসপাতাল ঘুরে এসে আবার ব্যাট করা রুবেল মিয়া ও অরুণ কার্তিকের।
বিকেএসপিতে রান তাড়ায় ৪ রানেই নাসিরউদ্দিন ফারুককে হারায় ভিক্টোরিয়া। এরপর ভারতীয় ব্যাটসম্যান কার্তিককে নিয়ে ১৪৪ রানের জুটি রুবেলের। ২০তম ওভারের শেষে যখন পানিশূন্যতায় অবসর নিতে বাধ্য হন তখন ৭০ রানে অপরাজিত রুবেল। কার্তিক মাঠের বাইরে যান ৩১তম ওভারে। দলের রান তখন ১৮২, কার্তিকের ৮৭।
কার্তিক আবার ব্যাট করতে নামেন ৪৭তম ওভারে ভিক্টোরিয়া সপ্তম উইকেট হারানোর পর। এই উইকেটকিপার-ব্যাটসম্যান টিকেছেন আর চার বল, করতে পেরেছেন আর মাত্র ২ রান। এরপরই নামেন রুবেল। অধিনায়ক মনির হোসেনকে নিয়ে ফেরেন দলকে জিতিয়েই। রুবেল তখন ৬৮ বলে ৭৩ রান করে অপরাজিত। মনির ১৫ বলে ২৭ রানে। শেষ ২ ওভারে ১৬ রানের সমীকরণ মিলিয়েছে ভিক্টোরিয়া।
বিকেএসপির অন্য মাঠে লিটন (১৩৬) ও সাদমানের (৮৫) ২০৭ রানের উদ্বোধনী জুটিতে ৩৩৩ রান করে আবাহনী। অধিনায়ক নাঈম ইসলাম ১২৩ রান করলেও ২৮৪ রানের বেশি করতে পারেনি রূপগঞ্জ।
ফতুল্লায় খেলাঘরের ১৭৮ রান কোনো উইকেট না হারিয়েই পেরিয়ে যায় দোলেশ্বর। ১২৩ রান করেছেন ইমতিয়াজ, সঙ্গী মজিদ ৬৪।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী: ৪৯.৫ ওভারে ৩৩৩ (লিটন ১৩৬, সাদমান ৮৫, নাজমুল ৩৫; মোশাররফ ৩/৩০, শরীফ ৩/৬১, মাহমুদুল ২/৬০)। রূপগঞ্জ: ৫০ ওভারে ২৮৪/৬ (নাঈম ১২৩, মোশাররফ ৬৭, হামিদুল ৩৭*; জায়েদ ৩/৪৪)।
ফল: আবাহনী ৪৯ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: লিটন দাস।
খেলাঘর: ৪৫.৩ ওভারে ১৭৮ (অমিত ৭৩, রণদিভ ৪১; আরাফাত সানি ৩/১৪, ডি সিলভা ৩/২৯)। দোলেশ্বর : ৩৩.১ ওভারে ১৮১/০ (ইমতিয়াজ ১০৭*, মজিদ ৬৪*)।
ফল: দোলেশ্বর ১০ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ইমতিয়াজ হোসেন।
পারটেক্স: ৫০ ওভারে ২৯৮/৯ (ইরফান ৯৫, সাজ্জাদুল ৭৫, রাকিন ৩১; মাহবুবুল ৪/৬৫, মনির ৩/৪৯)। ভিক্টোরিয়া: ৪৯.৩ ওভারে ২৯৯/৮ (কার্তিক ৮৯, রুবেল ৭৩*, মঈনুল ৩৩; ইমরান ৪/৫৫, জাকারিয়া ২/৫৮)।
ফল: ভিক্টোরিয়া ২ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: অরুণ কার্তিক।