অবশেষে সেন্টফিটের সঙ্গে চুক্তি
দুই পক্ষের মধ্যে চুক্তি সই হওয়ার কথা ছিল গত ২৮ জুলাই। কিন্তু ফুটবল কোচ টম সেন্টফিট পেটের পীড়ার অজুহাতে সেদিন চুক্তি সই করেননি। বাফুফে কর্মকর্তারা পরে জানিয়েছিলেন, সুবিধামতো কোনো একসময়ে চুক্তিটি করা হবে। অবশেষে জাতীয় দলের কোচের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দুই দিন আগে সই হলেও কাল বাফুফে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে, আপাতত দুই মাসের জন্য বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে সেন্টফিটকে।
কোচের পাশাপাশি টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক্যাল ডিরেক্টর ব্রিটিশ পল স্মলির সঙ্গেও চুক্তি সেরে ফেলেছে বাফুফে। কাল সংবাদ সম্মেলনে দুজনের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের দুটি জার্সি।
পল স্মলির সঙ্গে বাফুফের চুক্তি দুই বছরের জন্য। আনুষ্ঠানিক চুক্তি সইয়ের পর কাল উচ্ছ্বসিত স্মলি বললেন, ‘বাফুফের স্ট্র্যাটেজিক ডিরেক্টর হওয়াটা আমার জন্য সম্মানের। দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমি উন্মুখ। বাফুফের টেকনিক্যাল কমিটির পেশাদারি মনোভাব নিয়ে এবং সভাপতির বাংলাদেশ ফুটবল নিয়ে যে লক্ষ্য, তা নিয়ে মুগ্ধ। তা ছাড়া টম জাতীয় দলের কোচ হওয়ায়ও আমি খুশি।’