অবশেষে স্বরূপে রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমার্ধ শেষে কার্লো আনচেলত্তির কপালে কি ভাঁজ পড়েছিল? পড়ারই কথা। প্রথমার্ধে মাথা কুটেও যে রিয়াল মাদ্রিদ গোল পায়নি। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে কোপা ডেল রের ধাক্কাটা তখনো হয়তো মনে পড়ছিল রোনালদোদের?
দ্বিতীয়ার্ধে এসে খুঁজে পাওয়া গেল সেই দুর্দান্ত রিয়ালকে। ক্রিস্টিয়ানো রোনালদো লিগে ফিরলেন গোলের ধারায়, বেল-বেনজেমা-রদ্রিগেজরাও বেরিয়ে এলেন খোলস ছেড়ে। গেটাফের সঙ্গে ৩-০ গোলের জয়ে গত কদিনের দুঃস্বপ্নও কিছুটা হলেও ভুলল রিয়াল। প্রথম গোলের জন্য রিয়ালকে অপেক্ষা করতে হয়েছে ৬৩ মিনিট পর্যন্ত। বেনজেমার পাস থেকে রোনালদোর গোলে শুরু, এরপর গ্যারেথ বেলের গোল। রোনালদোই তাঁর দ্বিতীয় গোলে গেটাফের কফিনে ঠুকে দিয়েছেন শেষ পেরেক।
ম্যাচ শেষে আনচেলত্তি স্বীকার করলেন প্রথমার্ধে রিয়াল নিজেদের মতো খেলতে পারেনি, ‘এটা সত্যি প্রথমার্ধে আমাদের খেলায় ধারটা ছিল না। শুরুতে আমরা একটু শ্লথ ছিলাম। তবে দ্বিতীয়ার্ধে দল অনেক ভালো খেলেছে।’ আলাদা করে বেনজেমার কথা বললেন, ‘আমার মনে হয় পুরো দলটাই ভালো খেলেছে, তবে করিম বেনজেমার অ্যাসিস্ট আমাদের জন্য ম্যাচটা উন্মুক্ত করে দিয়েছে। ওটা ছিল অসাধারণ।’ এএফপি।