অবশেষে স্বস্তি ন্যু ক্যাম্পে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব বেশি দিন হয়নি, লুইস এনরিকে বলেছিলেন, ‘মেসি প্লে-স্টেশনের মতো খেলেন’, ‘মেসির খেলা অন্যগ্রহের, চাইলে যেকোনো জায়গায় খেলতে পারবে সে।’ অথচ কদিন ধরেই দুজনের সম্পর্কে ফাটলের কথা শোনা যাচ্ছে। এমনও শোনা গেছে, হয় মেসি, না হয় এনরিকে থাকছেন বার্সেলোনায়। তবে পরশু সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ দাবি করলেন, ক্লাবে সবকিছু ঠিকঠাকই চলছে। বার্সেলোনা সভাপতি হোসে মারিয়া বার্তোমেউও মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।
ক্রীড়া পরিচালক আন্দোনি জুবিজারেতাকে বরখাস্ত করা হলো প্রথম, সঙ্গে সঙ্গে পদত্যাগ করলেন তাঁর সহকারী কার্লোস পুয়োল। হঠাৎই একটা দমকা হাওয়াই যেন বয়ে গেল ন্যু ক্যাম্পের ওপর দিয়ে। এর সঙ্গে মেসির ক্লাব ছাড়ার গুঞ্জনে ঈশান কোণে মেঘই দেখছিলেন অনেকে। ঝড়টা শেষ পর্যন্ত আসবে কি না সেটা এখনই বলা মুশকিল, তবে এনরিকে-বার্তোমেউয়ের কথার পর কি সেই মেঘ কি একটু হলেও কাটল?
এনরিকে অবশ্য ‘ধরি মাছ না ছুঁই পানি নীতিতে’ই চলছেন। মেসির সঙ্গে দ্বন্দ্বের বিষয়টা গেলেন পাশ কাটিয়েই, ‘আমি এসব গল্প স্বীকার বা অস্বীকার কিছুই করছি না। কারণ এগুলো বিভিন্নভাবে ছড়িয়েছে, আর গল্পের তো শেষ নেই। আমি শুধু নিজের কাজটা ঠিকঠাক করতে পারি।’ তবে কিছু একটা যে হয়েছিল সেটা বোঝা যায় এই কথা থেকেই, ‘এ মুহূর্তে কোনো খেলোয়াড়কে নিয়েই কোনো খেদ নেই। প্রত্যেক কোচেরই দল সামলানোর নিজস্ব পদ্ধতি থাকে। লক্ষ্য হচ্ছে শিরোপা জয়, আর আমরা সেই পথে ভালোমতোই আছি। আমি তো বলব, ক্লাব ও খেলোয়াড়েরা আমার পাশেই আছে।’
পরশু বার্তোমেউয়ের সংবাদ সম্মেলনের মূল ঘোষণা ছিল বার্সার নির্বাচনটা এগিয়ে নিয়ে আনা। বর্তমান কমিটির দায়িত্ব পালন করার কথা ২০১৬ পর্যন্ত। তবে বার্সা সভাপতি নতুন নির্বাচন এই মৌসুমের শেষেই হবে বলে ঘোষণা দিয়েছেন। অনুশীলনে অনুপস্থিত থাকায় মেসির জন্য শাস্তির সুপারিশ করেছিলেন এনরিকে, জানা গিয়েছিল এমনটাই। কিন্তু বার্সা সভাপতি এটিকে উড়িয়ে দিয়েছেন গুজব বলে, ‘এটা একেবারেই মিথ্যা। যে-ই এটা ছড়িয়েছে, তার উদ্দেশ্য ক্লাবের ক্ষতি করা।’ মেসির ক্লাব ছাড়া নিয়ে তাঁর স্পষ্ট কথা, ‘২০১৮ সাল পর্যন্ত মেসির চুক্তি আছে। সে খুশি ও সন্তুষ্ট, আমরাও নির্ভার আছি।’
তবে লুইস সুয়ারেজ সন্তুষ্ট হতে পারছেন না। এই সুয়ারেজ অবশ্য এখনকার বার্সেলোনা খেলোয়াড় নয়, পঞ্চাশ ও ষাটের দশকে ক্লাবের কিংবদন্তি। মেসি বার্সেলোনায় এখনো খুশি বলেই মনে করেন ‘লুইসিতো’। তবে সিঁদুরে মেঘ তিনি দেখছেন, ‘আমার মনে হয় মেসি এখনো খুশি, কারণ ক্লাব তাকে অনেকভাবে সাহায্য করেছে। কিন্তু বিরাট কোনো প্রস্তাব এলে তার মধ্যে দ্বিধা আসতে পারে। এমনও হতে পারে বার্সেলোনায় মেসি-যুগ শেষও হয়ে যাবে।’
তবে হেঙ্ক টেন কাটের পর্যবেক্ষণ আবার আলাদা। বার্সার সাবেক কোচ ফ্রাঙ্ক রাইকার্ডের সহকারী এই ডাচ বলছেন, মৃত্যুশয্যায় টিটো ভিলানোভাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই বার্সায় এখনো আছেন মেসি। এএফপি, গোলডটকম, ইএসপিএন।