অবসর নেওয়ায় শাস্তি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রাঙ্ক রিবেরি
ফ্রাঙ্ক রিবেরি

এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে জানলে হয়তো ফ্রান্সের জার্সিটা তুলে রাখার আগে আরও একবার ভাবতেন ফ্রাঙ্ক রিবেরি। অবসর নিয়েও রেহাই মিলছে না যে! জাতীয় দলের কোচ চাইলে নাকি তাঁকে আবারও ফিরতে হবে দলে। আর না খেলতে চাইলে পেতে হবে শাস্তিও! ফরাসি উইঙ্গারকে এমন হুমকিই দিয়েছেন তাঁরই স্বদেশি এবং উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি।
চোটের কারণে বিশ্বকাপ খেলতে পারেননি রিবেরি। জাতীয় দল ও ক্লাবের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ধকলটা একটু বেশি হয়ে যায়, এটাকে কারণ দেখিয়ে গত মাসের মাঝামাঝি অবসরও নিয়েছেন জাতীয় দল থেকে। তাঁর এ সিদ্ধান্তে বিস্মিত কিংবদন্তি ফরাসি ফুটবলার প্লাতিনি। খেলোয়াড়েরা চাইলেই হুট করে জাতীয় দল থেকে অবসর নিতে পারেন না বলেও দাবি তাঁর। জার্মান দৈনিক বিল্ড-এর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি এটা কিছুতেই বুঝতে পারছি না। এটা তো খেলোয়াড়ের সিদ্ধান্ত নয়, কোচের সিদ্ধান্ত।’ উদাহরণ হিসেবে সাবেক জার্মান অধিনায়ক ফিলিপ লামের অবসরের প্রসঙ্গটাও টেনে এনেছেন প্লাতিনি, ‘যদি লাম আর জোয়াকিম লোর (জার্মানির কোচ) মধ্যে কোনো মতানৈক্য থাকে, যদি লো সিদ্ধান্ত নেন যে তিনি আর লামকে ডাকবেন না তাহলে এক কথা। কিন্তু এটা কখনোই লামের সিদ্ধান্ত নয়, লোর সিদ্ধান্ত।’
মোট কথা, অবসরের সিদ্ধান্তটা জাতীয় দলের কোচের সম্মতিতেই নেওয়া উচিত বলে মনে করেন প্লাতিনি। ঠিক এ কারণেই ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম যদি রিবেরিকে আবারও দলে ডাকেন, তাহলে রিবেরিও নাকি খেলতে বাধ্য। না হলে ফিফার নিয়মানুযায়ী বায়ার্ন মিউনিখ উইঙ্গারকে শাস্তি পেতে হবে বলেও হুমকি দিয়েছেন প্লাতিনি, ‘রিবেরি চাইলেই ফ্রান্সের হয়ে খেলবে কি খেলবে না এই সিদ্ধান্ত নিতে পারে না। যদি দেশম তাকে ডাকে, অবশ্যই ফিরতে হবে। ফিফার বিধিমালায় এই নির্দেশই দেওয়া আছে। যদি সে খেলতে রাজি না হয়, বায়ার্ন মিউনিখের হয়ে তিন ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেতে হবে।’
এ হুমকিটা অবশ্য ফুটবল প্রশাসক হিসেবে। তবে একজন ফরাসি হিসেবে এমন ফর্মে থাকা অবস্থায় জাতীয় দল থেকে রিবেরির অবসরের সিদ্ধান্তে বিস্মিত প্লাতিনি, ‘আমি আসলে ওকে বুঝতেই পারছি না। সে ফ্রান্সের খেলোয়াড় আর ২০১৬ সালের ইউরোও তো হবে ফ্রান্সে!’ গোলডটকম।