অবসর নয়, বিরতি!

বার্সেলোনায় সাবেক শিষ্য আন্দ্রেস ইনিয়েস্তা তাঁকে ‘বিদায়ী ধন্যবাদ’ জানিয়ে টুইট করেছেন। বিশ্বজুড়ে সব সংবাদমাধ্যমও গতকাল জানিয়েছিল, লুই ফন গাল আর কোচিংয়ে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এক দিন যেতে না যেতেই ডাচ কোচের কণ্ঠে কিছুটা ভিন্ন সুর! পুরো ব্যাপারটিকেই রেখে দিয়েছেন ধোঁয়াশায়। অবসর এখনই নেননি, তবে আবারও ফুটবলে ফিরবেন কি না সেই ইঙ্গিত স্পষ্ট নয়। আপাতত এক বছরের বিরতি, সেটি শেষেই ৬৫ বছর বয়সী কোচ জানাবেন তাঁর সিদ্ধান্ত।
গত সোমবার হল্যান্ডের পত্রিকা ডি টেলিগ্রাফ-এ পরিবারের প্রয়োজনে আর ডাগআউটে না ফেরার ঘোষণা দিয়েছিলেন ফন গাল, ‘(ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর) কিছুদিন বিরতি নেওয়ার কথা ভেবেছিলাম। এখন মনে হচ্ছে, কোচিংয়ে আমি আর ফিরবই না।’ কিন্তু স্প্যানিশ রেডিও কাদেনা সারকে দেওয়া সাক্ষাৎকারে পরশু পুরো ব্যাপারটার উল্টো ব্যাখ্যাই দিয়েছেন, ‘না, না, না, আমি অবসর নিইনি। আপাতত এক বছরের বিরতি নিয়েছি, এরপর সিদ্ধান্ত নেব অবসর নেব কি নেব না। অবসর নেওয়ার ভালো সম্ভাবনা আছে, তবে এখনো সেটি নিশ্চিত কিছু নয়।’ অবসরের খবরটা এত ‘নিশ্চয়তা’ দিয়ে ছড়ানোয় ধুয়ে দিলেন স্বদেশি সংবাদমাধ্যমকেও, ‘হল্যান্ডে সংবাদমাধ্যম যা ইচ্ছে তাই লিখে দেয়। অনেকটা স্পেনের মতো, তাদের মনোযোগ থাকে অন্য দিকে।’
গত মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর থেকেই আপাতত ছুটিতে আছেন ফন গাল। মাঝে জার্মানি, চীনের ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলেন বলে শোনা যায়, সেগুলো ‘না’ করে দিয়েছেন। আবার ডাগআউটে ফেরার ক্ষেত্রে প্রস্তাবের ধরনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন হল্যান্ড, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ, ‘কাজ করে যাব কি না, সেটি নির্ভর করবে কেমন প্রস্তাব পাই সেটির ওপর। অনেক ক্লাবেই কোচিং করিয়েছি আমি। আর যেসব মানের ক্লাবে কোচিং করিয়েছি, সেটি থেকে ভালো কোনো ক্লাবে যাওয়াটা কঠিনই হবে। মাসখানেক আগে আমি ভ্যালেন্সিয়ার কাছ থেকে প্রস্তাব পেয়েছি, কিন্তু তাদের না বলে দিয়েছি। আগামী বছর হয়তো অন্য কিছু বলব, সেটি নির্ভর করবে আমি কেমন থাকি তার ওপর।’ রয়টার্স, গোলডটকম।