অবসরে ক্লোসা

পরপর দুই দিনে দুটি সুসংবাদ পেলেন জার্মানি কোচ জোয়াকিম লো। দুই দিন আগে জার্মান জাতীয় দলের সঙ্গে চুক্তিটা বাড়িয়েছেন ২০২০ সাল পর্যন্ত। কাল পেলেন আরেকটি সুখবর, কোচিং স্টাফ হিসেবে পাচ্ছেন প্রিয় শিষ্যদের একজনকে—মিরোস্লাভ ক্লোসা। এর অর্থটা বুঝতেই পারছেন, বুটজোড়া তুলে রাখছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (১৬)।
ঘোষণাটা নিজেই গতকাল দিয়েছেন ক্লোসা। অবশ্য সিদ্ধান্তটা নেওয়ারই ছিল জার্মানির সর্বোচ্চ গোলদাতার (১৩৭ ম্যাচে ৭১ গোল)। গত মৌসুমে লাৎসিওর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকেই ক্লাবহীন ৩৮ বছর বয়সী স্ট্রাইকার। তাই বুট ছেড়ে এখন কোচিংয়ে হাতেখড়ি নিতে চাইছেন। এখানেও লোর কাছে ‘প্রশিক্ষণ’ নেবেন, ১১ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সান মারিনোর বিপক্ষে, এর চার দিন পর ইতালির সঙ্গে প্রীতি ম্যাচেও জার্মানি কোচের পাশে ডাগআউটে দেখা যাবে ক্লোসাকে।
নিজেও এ নিয়ে খুশি ২০১৪ বিশ্বকাপজয়ী স্ট্রাইকার, ‘জাতীয় দলে সেরা সাফল্যগুলোই আমি পেয়েছি। সময়টাও দারুণ কেটেছে, কখনো ভুলব না। তাই আবারও জার্মানি দলে ফিরতে পেরে আমি খুশি। একটা ম্যাচ পড়তে পারা, নিজেকে (কোচ হিসেবে) নিখুঁতভাবে তৈরি করা, কৌশলগত দিকগুলো দেখা—খেলোয়াড় থাকার সময়েও এ দিকগুলো আমাকে সব সময় টানত।’ এএফপি।