অবসরে যাওয়া সেই জার্সিগুলো

>তারকা খেলোয়াড়েরা অবসরে যান। কিন্তু রেখে যান স্মৃতি। সেই স্মৃতিকে অমর করতেই অনেক সময় তারা যে নম্বরের জার্সি পরতেন, সেটি তুলে রাখা হয়। মানে অবসরে পাঠিয়ে দেওয়া হয় সেই জার্সি নম্বরটিকেও
মন চলে, কিন্তু পা চলে না। খেলতে খেলতে ‘বুড়িয়ে’ গেলে ফুটবলারদের এমনটা হয়। এমন সময় এলে অবসরে চলে যান তাঁরা। শুধু ফুটবলাররাই নন, কখনো কখনো অবসরে যায় তাঁদের জার্সিও। এই যেমন নাপোলি অবসরে পাঠিয়ে দিয়েছে ডিয়েগো ম্যারাডোনার ১০ নম্বর জার্সি। আর এসি মিলানে আর কেউ কোনো দিন পরবে না পাওলো মালদিনির ৩ নম্বর জার্সি। ফুটবল বিশ্বে জার্সির এমন অবসরে চলে যাওয়ার গল্প আছে আরও।
১. মার্ক-ভিভিয়েন ফো, ম্যান সিটি (২৩ নম্বর)
খেলতে খেলতে না ফেরার দেশে চলে গেছেন ক্যামেরুনের মিডফিল্ডার। ২০০৩ সালের কনফেডারেশনস কাপে কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচটিতে ৭২ মিনিটে মাঠে লুটিয়ে পড়েন ফো। আর জেগে ওঠেননি, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ২৮ বছর বয়সী ফোকে শ্রদ্ধা জানিয়ে ২৩ নম্বর জার্সিটি অবসরে পাঠিয়ে দেয় সিটি। তাঁর ১৭ নম্বর জার্সি অবসরে পাঠিয়েছে ফোর সাবেক ক্লাব লেনসও।
২. জিয়ানফ্রাঙ্কো জোলা, চেলসি (২৫ নম্বর)
আনুষ্ঠানিক কোনো ঘোষণা কখনোই দেয়নি চেলসি। কিন্তু চেলসিতে ইতালিয়ান ফরোয়ার্ডের ২৫ নম্বর জার্সিটি কেউ পরেন না। তাই বলাই যায় চেলসিতে অবসরে চলে গেছে জোলার ২৫ নম্বর জার্সি।
৩. পাওলো মালদিনি, এসি মিলান (৩ নম্বর)
মিলানের ছেলে-পাওলো মালদিনির ক্ষেত্রে এটা বলাই যায়। জন্ম মিলানে, পুরো ক্যারিয়ারে শুধু এসি মিলানের হয়েই খেলেছেন। ২৫ বছরের লম্বা ক্যারিয়ারের ইতি টেনে মালদিনি যখন অবসর নিয়েছেন, অবসরে চলে গেছে তাঁর ৩ নম্বর জার্সিটিও। এসি মিলান ঘোষণা দিয়েই অবসরে পাঠিয়েছে মিলানের ছেলে মালদিনির জার্সি।
৪. হাভিয়ের জানেত্তি, ইন্টার মিলান (৪ নম্বর)
ইতালির খেলোয়াড় নন তিনি, জাতিতে তিনি আর্জেন্টাইন। তবে এসি মিলানের যেমন পাওলো মালদিনি, মিলান শহরের আরেক ক্লাব ইন্টার মিলানের ঘরের ছেলে তেমনি হাভিয়ের জানেত্তি। আজেন্টিনার দুটি ক্লাবে খেলে ইন্টারে নাম লেখান ১৯৯৫ সালে। টানা ১৯ মৌসুম সামলেছেন ক্লাবটির রক্ষণ। জানেত্তিকে শ্রদ্ধা জানিয়ে তাঁর অবসরের পর ৪ নম্বর জার্সিটি অবসরে পাঠিয়ে দিয়েছে ইন্টার।
৫. ডিয়েগো ম্যারাডোনা, নাপোলি (১০ নম্বর)
২১ বছরের ক্যারিয়ারে ৬টি ক্লাবে খেলেছেন। তবে সেরা সময় কাটিয়েছেন নাপোলিতেই। সাত মৌসুম খেলে ইতালির ক্লাবটিকে দুটি সিরি ‘আ’ শিরোপা জিতিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। একটি করে জিতেছেন ইতালিয়ান কাপ, ইতালিয়ান সুপার কাপ ও উয়েফা কাপ। এমন ভালো সময় ম্যারাডোনার আমল ছাড়া আর কখনোই কাটেনি নাপোলির। তাঁর যোগ্য উত্তরসূরি যে কখনোই খুঁজে পাবে না সেটা ক্লাবটি বুঝে গিয়েছিল। এ কারণেই তাঁর ১০ নম্বর জাসির্টি আর কখনো কাউকে পরতে দেয়নি নাপোলি।
৬. ববি মুর, ওয়েস্ট হাম (৬ নম্বর)
ইংল্যান্ডের ক্লাবটিতে ১৬ মৌসুম খেলেছেন ইংলিশ ডিফেন্ডার। এই ক্লাবে খেলার সময়েই ইংল্যান্ডের হয়ে জিতেছেন বিশ্বকাপ। ১৯৭০ সালে মাত্র ৩ পয়েন্টের ব্যবধানে ব্যালন ডি'অরের লড়াইয়ে হেরে গিয়েছিলেন জার্ড মুলারের কাছে। ইংলিশ কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে তাঁর অবসরের পর ৬ নম্বর জাসির্টিও অবসরে পাঠায় ওয়েস্ট হাম।
৭. রাউল গঞ্জালেস, শালকে (৭ নম্বর)
রাউল গঞ্জালেসের জার্সির অবসরে-এটা শুনলে যে কারও মনে হতে পারে রিয়াল মাদ্রিদ হয়তো ৭ নম্বর জার্সিটিকে অবসরে পাঠিয়েছে। কারণ একটা সময়ে যে রিয়াল আর রাউল ছিল সমার্থক। কেউ কেউ তো রিয়ালকে এমনও বলতেন-রাউল মাদ্রিদ। কিন্তু রিয়াল নয়, রাউলের ৭ নম্বর জার্সি অবসরে পাঠিয়েছে শালকে জিরো ফোর। জার্মানির ক্লাবটিতে মাত্র দুই মৌসুম খেলেছেন স্পেনের সাবেক ফরোয়ার্ড।
৮. ইয়োহান ক্রুইফ, আয়াক্স (১৪ নম্বর)
১০ নম্বর জার্সি যুগে যুগে অনেক বিখ্যাত খেলোয়াড়ই পরেছেন। পেলে, ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি...১০ নম্বর শুনলে আরও কত কত বিখ্যাত খেলোয়াড়ের মুখ ভেসে উঠবে চোখের সামনে। কিন্তু ১৪ নম্বর-এই জার্সিটির কথা শুনলে সবার আগে যাঁর মুখ চোখে ভাসবে তিনি ইয়োহান ক্রুইফের চেহারা। এই ১৪ নম্বর জার্সি গায়ে আয়াক্সকে ১১ মৌসুমে আটটি ডাচ লিগ ও তিনটি ইউরোপিয়ান কাপসহ জিতিয়েছেন ১৭টি শিরোপা। তাঁকে শ্রদ্ধা জানিয়ে ২০০৭-৮ মৌসুমে ১৪ নম্বর জার্সিটি অবসরে পাঠানোর ঘোষণা দিয়েছে আয়াক্স।
৯. ম্যাথিউ ভালবুয়েনা, মাশের্ই (২৮ নম্বর)
ফরাসি এই মিডফিল্ডারের জার্সির অবসরে চলে যাওয়ার গল্পটা আবার একটু অন্য রকম। ২০১৪ সালে ক্লাব ছাড়ার পর মার্শেই তাঁর জার্সিটি অবসরে পাঠায়। কিন্তু রাশিয়ার ক্লাব ডায়নামো মস্কোতে এক মৌসুম খেলে তিনি আবার ফিরে আসেন ফ্রান্সে। এবার নাম লেখান মার্শেইয়ের চিরপ্রতিদ্বন্দ্বী দল অলিম্পিক লিওঁতে। এটা মেনে নিতে পারেনি মার্শেই। ভালবুয়েনার ২৮ নম্বর জার্সি আবার অবসর থেকে ফিরিয়ে আনে তারা।
১০. ফেরেঙ্ক পুসকাস, হনভেদ (১০ নম্বর)
বুদাপেস্ট হনভেদের হয়ে লিগে ৩৫০টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ৩৫৮টি। ১৯৫৮ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখানোর আগে ক্লাবটিকে জিতিয়েছেন পাঁচটি হাঙ্গেরিয়ান লিগ। তাঁর জার্সি পরার যোগ্য উত্তরসূরি খুঁজে পাওয়া যাবে না ধরে নিয়ে ১০ নম্বর জার্সিটিকে অবসরে পাঠিয়ে দিয়েছে বুদাপেস্ট হনভেদ।
১১. রবার্তো ব্যাজ্জিও , ব্রেসিয়া (১০ নম্বর)
ক্যারিয়ারের গোধূলি-লগ্নে ব্রেসিয়াতে নাম লিখিয়েছিলেন ইতালির স্ট্রাইকার। ২০০০ সালে তিনি যখন ব্রেসিয়াতে নাম লেখান ব্যাজ্জিওর বয়স তখন ৩৩ বছর। তবে বুড়ো হাড়ের ভেলকি ঠিকই দেখিয়ে গেছেন। ইতালির ক্লাবটির হয়ে সিরি ‘আ’তে ৯৫ ম্যাচ খেলে করেছেন ৪৫ গোল। টানা চার মৌসুম ব্রেসিয়াকে বাঁচিয়েছেন অবনমনের হাত থেকে। তাঁকে তো শ্রদ্ধা দেখাতেই হয়। সেই শ্রদ্ধা দেখানোর উপায় হিসেবে ব্রেসিয়া বেছে নিয়েছে ব্যাজ্জিওর জার্সিকে অবসরে পাঠানোর বিষয়টিকে।
১২. দানিয়েল হার্কে, এসপানিওল (২১ নম্বর)
ফুটবল থেকে ঝরে পড়া আরেকটি অকাল প্রাণ স্পেনের দানিয়েল হার্কে। আন্দ্রেস ইনিয়েস্তা ও কার্লোস তোরেসদের সঙ্গে অনূর্ধ্ব-১৯ ইউরো চ্যাম্পিয়নশিপ জো হার্কে ২০০৯ সালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২৬ বছর বয়সে না ফেরার দেশে চলে যান। তাঁর মৃত্যুর পর ২১ নম্বর জার্সিটা অবসরে পাঠিয়ে দেয় এসপানিওল। ২০১০ বিশ্বকাপের ফাইনালে জয়সূচক একমাত্র গোলটি ইনিয়েস্তা উৎসর্গ করেছিলেন হার্কেকে।