অবামেয়াংকে নিয়ে নিজের কথাই গিললেন জাভি

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনা এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও পিয়েরে এমেরিক অবামেয়াং যে ক্লাবটিতে যোগ দিয়েছেন, তা মোটামুটি সবারই জানা। কাল দলবদলের শেষ দিনে বার্সেলোনায় আসেন গ্যাবন তারকা।

গতকাল রাতে অবামেয়াং ও বার্সা সভাপতি হোয়ান লাপোর্তার একত্রে হাসিমুখের ছবিই বলে দেয়, ফ্রি এজেন্ট হিসেবে কোচ জাভি হার্নান্দেজের বহরে নাম লিখিয়েছেন অবামেয়াং। দলবদল নিয়ে ইউরোপে খ্যাতি কুড়ানো সংবাদকর্মীরা খবরটি নিশ্চিত করেছেন।

তবে এর মধ্যে একটি প্রশ্নও উঠে আসে, অবামেয়াংকে নিয়ে জাভি কেন এমন ‘ইউটার্ন’ নিলেন?

ইউটার্ন? প্রসঙ্গটা ২০২০ সালের মে মাসের। জাভি তখনো বার্সার কোচ হয়ে আসেননি। কাতালান ক্লাবটিতে অবামেয়াংয়ের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছিল। বার্সা তাঁকে কিনতে পারে—এমন কথাও চালাচালি হচ্ছিল।

কাতারের ক্লাব আল–সাদের কোচের দায়িত্বে থাকা জাভি এ নিয়ে কথা বলেছিলেন। যেহেতু তিনি বার্সা কিংবদন্তি, তাই অবামেয়াংকে কেনা ক্লাবটির জন্য কতটা ভালো হবে, সে বিষয় নিয়ে জানতে চাওয়া হয়েছিল জাভির কাছে। জাভি তখন যা বলেছিলেন, তার সঙ্গে বর্তমান বাস্তবতার মিল নেই।

গ্যাবন তারকা অবামেয়াং
ছবি: ইনস্টাগ্রাম

অবামেয়াংকে নিয়ে জাভি তখন সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘সাদিও মানে ও অবামেয়াংকে জায়গা দিলে খুন করে ফেলতে পারে। কিন্তু বার্সেলোনার এমন খেলোয়াড় প্রয়োজন, যারা খুব কম জায়গার মধ্যে খেলতে পারবে। আমি এমন খেলোয়াড় খুঁজছি, যারা বার্সেলোনার সঙ্গে মানিয়ে নিতে পারবে। তবে এমন খেলোয়াড় খুঁজে বের করা সহজ নয়।’

জাভি ২০১৫ সালে বার্সা ছাড়ার পর থেকেই গুঞ্জন ছিল, একদিন না একদিন তিনি বার্সার কোচ হবেন। দু–তিন বছর ধরে কোচ নিয়ে বার্সা সংকটে ভোগার পর বিষয়টি আরও জোরাল হয়। জাভির কোচ হওয়া নিয়ে গুঞ্জন জোরাল হওয়ার মধ্যেই অবাকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। জাভি সম্ভবত নিজেকে কোচের জায়গায় বসিয়েই ব্যক্তিগত মতামত দিয়েছিলেন গ্যাবন স্ট্রাইকারকে নিয়ে।

সেই জাভি গত বছরের ৬ নভেম্বর কোচ হওয়ার পর নিজের স্কোয়াড গোছানো শুরু করেছেন। আক্রমণভাগ সমৃদ্ধ করতে ফেরান তোরেন ও আদামা ত্রায়োরকে দলে টানেন এবারের দলবদলে।

কিন্তু অবাকে নিয়ে জাভি একটু চমকেই দিয়েছেন—যেহেতু তাঁর খেলার ধরনের সঙ্গে বার্সার খেলার ধরনের তিনি মিল খুঁজে পাননি। সে সময় অবামেয়াংকে কেনার বিষয়েও তিনি ইতিবাচক ছিলেন না।

কিন্তু এখন জাভির ইউটার্ন নেওয়ার কারণ বার্সার আক্রমণভাগে যোগ্য খেলোয়াড়ের সংকট। একজন স্ট্রাইকার খুব দরকার জাভির। স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতার পেছনে ছুটে পারেনি বার্সা। মোরাতাকে ছাড়েনি জুভেন্টাস।

মেম্ফিস ডিপাইয়ের কাছ থেকেও প্রত্যাশিত পারফরম্যান্স পাচ্ছে না বার্সা। আনসু ফাতি দীর্ঘকালীন চোটে পড়েছেন। মৌসুমের বাকি সময়ের জন্য তাই অবামেয়াংয়ের ওপরই ভরসা রাখতে হলো জাভিকে।