
* ১৯৫৭ সালে শুরু টুর্নামেন্টের এটি ৩১তম আসর
* টোগোর কোচ ক্লদ লেরয়কে বলা হয় ‘গডফাদার অব নেশনস কাপ’। এ নিয়ে ছয়টি ভিন্ন দলকে নিয়ে রেকর্ড নয়বার নেশনস কাপে যাচ্ছেন লেরয়
* মরক্কোর হার্ভে রেনার্ডের সামনে সুযোগ তিনটি ভিন্ন দলকে নিয়ে তিনবার শিরোপাজয়ী প্রথম কোচ হওয়ার। এর আগে জাম্বিয়া (২০১২) ও আইভরিকোস্টের (২০১৫) হয়ে শিরোপা জেতেন। একই দল নিয়ে তিনবার শিরোপা জিতেছেন চার্লস জিয়াম্ফি ও হাসান শেহাতা।
টুর্নামেন্টটা আন্তর্জাতিক ফুটবলের সৎছেলের মতো। মহাদেশীয় টুর্নামেন্ট আরও আছে। ইউরো, কোপা আমেরিকা...বিশ্বকাপের পর এগুলোই সবচেয়ে বেশি রোমাঞ্চ ছড়ায়। কনফেডারেশনস কাপেরও বিশ্বজুড়ে অনেক দর্শক থাকে। কিন্তু আফ্রিকান নেশনস কাপ খুব বেশি আকর্ষণ জাগায় না।
বিশ্বের অন্যান্য অঞ্চলের মানুষকে না টানুক, বাংলাদেশ সময় রাত ১০টায় স্বাগতিক গ্যাবনের সঙ্গে গিনি বিসাউয়ের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আফ্রিকা মহাদেশের ফুটবল-শ্রেষ্ঠত্বের লড়াই। স্বাগতিক দেশের রাজনৈতিক অস্থিরতা একটু শঙ্কা জাগায় টুর্নামেন্টকে ঘিরে। তবে মাঠের ফুটবল শুরু হয়ে গেলে সেটি মিইয়ে যাওয়ার কথা। চারটি গ্রুপে ১৬টি দল, ২২ দিনের লড়াই শেষে শিরোপাজয়ী দল ঘরে নিয়ে যাবে ৪০ লাখ ডলার। আর মহাদেশীয় চ্যাম্পিয়ন হওয়ার গর্ব!
তা কে হবে সেই গর্বের ভাগীদার? বর্তমান চ্যাম্পিয়ন আইভরিকোস্ট? নাকি সবচেয়ে বেশি সাতবারের চ্যাম্পিয়ন মিসর রেকর্ডটাকে বাড়িয়ে নেবে আরেক ধাপ? ঘানার ‘ব্ল্যাক স্টার’রা পারবে কিংবদন্তি আবেদি পেলের পথ ধরে দেশকে আরেকটি শিরোপা এনে দিতে? চারবারের চ্যাম্পিয়নরা ১৯৮২ সালে আবেদির হাত ধরে শিরোপা জয়ের পর ৩৫ বছর ধরে শুধু যন্ত্রণাই বয়ে বেড়াচ্ছে! সম্ভাবনা আছে ক্যামেরুনেরও। তবে সবচেয়ে বেশি শিরোপাপ্রত্যাশী দল থাকায় ‘গ্রুপ অব ডেথ’ হচ্ছে ‘বি’ গ্রুপ। রিয়াদ মাহরেজের আলজেরিয়া ও সাদিও মানের সেনেগালের সঙ্গে যেখানে সমানে সমান লড়বে তিউনিসিয়া!
মানে-মাহরেজদের পাশে সবচেয়ে বড় তারকা স্বাগতিক গ্যাবনের পিয়েরে-এমেরিক অবামেয়াং! শেষ হাসিটা এঁদের কারও মুখেই দেখা যাবে, নাকি অন্য কেউ ‘তারকা’খ্যাতি নিয়ে বেরিয়ে যাবেন, দেখা যাক! বিবিসি।