দুই ডাচ কোচকে বিদায় দিচ্ছে বাফুফে, এই খবর পৌঁছেছে দেবজ্যোতি মুখার্জির কাছেও। ঢাকায় অবস্থানরত ভারতীয় ফুটবল ফেডারেশনের এই সহসভাপতি কাল বাফুফে ভবনে কাজী সালাউদ্দিনের হাতে একটি কাগজ দিলেন। সালাউদ্দিনের কক্ষে উৎসুক সাংবাদিকদের জিজ্ঞাসা, কী এটা? সালাউদ্দিন প্রথমে দ্বিধাগ্রস্ত, পরে বলেই ফেললেন, ‘একজন কোচের বায়োডাটা। নামটা শুনলে ভিরমি খেয়ে পড়বেন, ড্যানিয়েল পাসারেলা! এখন রিভার প্লেটের সভাপতি।’ ঠিকই তো আছে। কিন্তু আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক বাংলাদেশের কোচ হতে চাইবেন এর চেয়ে অবাস্তব কিছু তো হয় না! পাসারেলা বিষয়টা আসলে জানেনই না। এজেন্টরাই জীবনবৃত্তান্ত পাঠায় বিভিন্ন স্থানে। তাই উপস্থিত সবাই এটিকে উড়িয়েই দিয়েছেন। সালাউদ্দিন অবশ্য একটু এগিয়ে দেখতে চান, ‘পাসারেলার এজেন্টের সঙ্গে কথা বলিয়ে দেবেন দেবু দা। কথা বলতে তো সমস্যা নেই।’ সমস্যা নেই বটে, কিন্তু কল্পনারও তো একটা সীমা আছে!