অবিশ্বাস্য এক জনজোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলা স্টেডিয়ামে নেপাল অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে বাংলাদেশের ম্যাচ। গ্যালারি ছাপিয়ে মানুষ বসে পড়ল মাঠ ঘেঁষেও। স্টেডিয়ামসংলগ্ন বাড়ির ছাদে, ফ্লাডলাইটের টাওয়ারে, পানির ট্যাংকের ওপর দর্শক। এককথায় সিলেট জেলা স্টেডিয়াম কাল পরিণত হয়েছিল জনসমুদ্রে! গতকাল খেলা শুরুর ঠিক আগ মুহূর্তে স্টেডিয়াম ফটকের একাংশ ভেঙে মানুষ ঢুকে পড়েছিল মাঠে। পুলিশসহ মাঠের নিরাপত্তাকর্মীরা অবশ্য ঘণ্টা খানেকের চেষ্টায় ভাঙা ফটক দিয়ে কিছু দর্শক মাঠ থেকে বের করে দেওয়ার পর শুরু করা যায় খেলা। এই জনসমুদ্র যেন মনে করিয়ে দিল ফুটবলের সেই হারানো জনপ্রিয়তাকে l ছবি: আনিস মাহমুদ
সিলেট জেলা স্টেডিয়ামে নেপাল অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে বাংলাদেশের ম্যাচ। গ্যালারি ছাপিয়ে মানুষ বসে পড়ল মাঠ ঘেঁষেও। স্টেডিয়ামসংলগ্ন বাড়ির ছাদে, ফ্লাডলাইটের টাওয়ারে, পানির ট্যাংকের ওপর দর্শক। এককথায় সিলেট জেলা স্টেডিয়াম কাল পরিণত হয়েছিল জনসমুদ্রে! গতকাল খেলা শুরুর ঠিক আগ মুহূর্তে স্টেডিয়াম ফটকের একাংশ ভেঙে মানুষ ঢুকে পড়েছিল মাঠে। পুলিশসহ মাঠের নিরাপত্তাকর্মীরা অবশ্য ঘণ্টা খানেকের চেষ্টায় ভাঙা ফটক দিয়ে কিছু দর্শক মাঠ থেকে বের করে দেওয়ার পর শুরু করা যায় খেলা। এই জনসমুদ্র যেন মনে করিয়ে দিল ফুটবলের সেই হারানো জনপ্রিয়তাকে l ছবি: আনিস মাহমুদ

দুদেশের জাতীয় সংগীত বাজানো শেষ। খেলা শুরু হওয়ার অপেক্ষা। হঠাৎ স্টেডিয়ামের এক পাশ দিয়ে স্রোতের মতো মানুষ ঢুকে পড়ল মাঠে। বন্যার পানি যেমন সব ভাসিয়ে নিয়ে যায়, এই জনতার কাছে পুলিশের সব বাধাও তেমনি চুরমার। অবিশ্বাস্য!
এটা কোনো পল্লির ফুটবল খেলা নয় যে যেখানে মাঠের পার্শ্বরেখার কাছে বসে খেলা দেখবে দর্শক। কিন্তু বাস্তবে তাই হলো। বাংলাদেশ-নেপাল অনূর্ধ্ব-২৩ দ্বিতীয় প্রীতি ম্যাচটি ফিরিয়ে আনল গ্রামীণ জনপদের স্মৃতি। হাজার হাজার মানুষ মাঠের ভেতর। এই দৃশ্য কল্পনাও করা যাবে না। টিভি পর্দায়ও হয়তো পুরোটা বোঝাতে পারেনি যে সিলেট স্টেডিয়াম কী ‘ভয়ানক’ কয়েকটি ঘণ্টা পার করল কাল।
আক্ষরিক অর্থেই ভয়ানক। মাঠে কোনো নিরাপত্তার বালাই নেই। পুলিশ অসহায়। জনতাকে ছত্রভঙ্গ করতে গেলে আরও বড় বিপদ হতে পারত। পুলিশ তা না করে সবাইকে বসিয়ে দিল পার্শ্বরেখার পাশে। তারও পেছনে কয়েক হাজার লোক। গ্যালারির কথা নাই বা বলা হলো। সেখানে তো হাজার ত্রিশেক দর্শক আগেই ঢুকে পড়েছে। এই সেখানে সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া নেপালের কিছু ছাত্রছাত্রীর উপস্থিতিও চোখ কাড়ল। সব মিলিয়ে অন্তত চল্লিশ হাজার লোক মাঠে-গ্যালারিতে। কারও কারও মতে, সংখ্যাটা পঞ্চাশ হাজার হবে। স্টেডিয়ামের বাইরেও ছিল অনেক দর্শক। ফুটবলের টান কাল এমনই ছিল যে গ্যালারিতে ঢুকতে না পেরে ম্যাচ দেখতে ব্যাকুল জনতা স্টেডিয়ামে ফটক ভেঙে মাঠে ঢুকেছে। বাংলাদেশে কোনো ফুটবল ম্যাচ নিয়ে এমন দর্শক-উন্মাদনা বহু বছর দেখা যায়নি।
সেই উন্মাদনার জোয়ারে ম্যাচ শুরু করতে দেরি হচ্ছিল অনভিজ্ঞ আয়োজকদের। নেপাল খেলতে রাজি না হলে হয়তো শুরুই করা যেত না। মাঠের ভেতরে এত দর্শকের চাপ দেখে তারা শুরুতে হকচকিয়ে যায়। দুদলের খেলোয়াড়দের বসার ডাগ-আউট হারিয়ে গেছে মানুষের ভিড়ে। ডাগ-আউট ছাপিয়ে লোক চলে এল সামনে। চতুর্থ রেফারির জায়গাও দখলে। মেডিকেল টিমসহ ম্যাচ সংশ্লিষ্ট অন্যদের বসার জায়গা ভরাট। খেলা শুরু করার স্বার্থে পুলিশের সংখ্যা চার শ থেকে আরও বাড়িয়েছে স্থানীয় প্রশাসন। সেই পুলিশ এসে কোনোমতে এক হাত পেছনে ঠেলতে পারল দর্শকদের। তারপর সামনে একটা বেঞ্চ পেতে বসতে দেওয়া হলো দুদলকে। এই স্তরের ম্যাচে যা অকল্পনীয়।
শেষমেশ কোনোরকমে খেলোয়াড়দের ঘাড়ের ওপর নিঃশ্বাস পড়ছে দর্শকদের, এই পরিস্থিতিতে বিকেল পাঁচটার ম্যাচ শুরু হলো এক ঘণ্টা পাঁচ মিনিট পর। খেলার স্বার্থে ফিফার সব নিয়মকানুনই ভঙ্গ হয়েছে কাল। তবে আশঙ্কা জাগছিল, বাংলাদেশ একটা গোল দিলে না অতিরিক্ত উচ্ছ্বাসে লোকজন মাঠে ঢুকে সব পণ্ড করে দেয়! ভাগ্য ভালোই, তেমন অঘটন থেকে বেঁচে গেল ঝড়তোলা এই ম্যাচ।
তবে দর্শক যেমন আশীর্বাদ, এটা আবার অভিশাপও হতে পারত বাংলাদেশের জন্য। সেটা না হওয়ায় অনেকে হাঁফ ছেড়ে বাঁচলেন, যাক বাবা, কোনো গন্ডগোল হয়নি! ফিফা টের পেলে বাংলাদেশকে এমন পরিস্থিতিতে ম্যাচ আয়োজনের জন্য কৈফিয়ত তলব করতেও পারে। অসহায় মুখে স্থানীয় সংগঠকেরা বললেন, তাঁদের ধারণা ছিল না এমন পরিস্থিতি অপেক্ষা করছে।
বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনও অবাক। ঢাকা থেকে ফোনে বলছিলেন, ‘এখন তো আমাদের ধারণা হলো সিলেট ম্যাচ কীভাবে আয়োজন করতে হবে। আগামীতে সেভাবেই করব।’ সালাউদ্দিনের কণ্ঠে এরপর ফুটে বেরোল গর্ব, ‘এত বিপুল দর্শক আসা মানে তো ফুটবল এ দেশে মরেনি!’ এটাই আসলে সবার মনের কথা।
নেপালের কোচ জ্যাক স্টিফানেস্কির কথাটাও তুলে ধরতে হচ্ছে, ‘বাংলাদেশের ফুটবলের জন্য এই দর্শক উন্মাদনা বিরাট সুখের বিষয়। আমি দারুণ ইতিবাচকভাবে দেখছি ব্যাপারটা।’ দর্শকেরা পার্শ্বরেখার ওপর বসে খেলা দেখেছেন, কখনো নিরাপত্তার অভাব অনুভব করেছেন কি না ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাঁর উত্তর, ‘এটাকে নেতিবাচকভাবে নিইনি। আমরা গোটা পরিবেশটাই উপভোগ করেছি।’
নেপাল জিতেছে ম্যাচে। কিন্তু আসল জয়ী দর্শক। সামান্যতম উচ্ছৃঙ্খল আচরণ না করায় সিলেটের দর্শকেরা প্রশংসা পেয়েছেন অতিথি দল থেকে শুরু করে সবার। এটিকে কাজে লাগিয়ে ফুটবলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন বাফুফের। বাফুফে কি প্রস্তুত?