
বেঞ্চে বসেই খেলা দেখছিলেন রবার্ট লেভানডফস্কি। একাদশে রাখেননি কোচ পেপ গার্দিওলা। কারণও ছিল। পেশির চোট থেকে সবে সেরে উঠেছেন, এখনই তাঁকে নিয়ে আবার ঝুঁকি নিতে চাননি বায়ার্ন মিউনিখ কোচ। কিন্তু ২৬ মিনিটেই যখন ভলফ্সবুর্গ মিডফিল্ডার ড্যানিয়েল কালিজুরির গোলে পিছিয়ে গেল বায়ার্ন, গার্দিওলার কপালে ভাঁজ। লেভানডফস্কিও ছটফট করছেন। দল পিছিয়ে আছে এটা বেঞ্চে বসে দেখতে ভালো লাগে কোন স্ট্রাইকারের! গার্দিওলা তবু তাঁকে নামালেন না।
কিন্তু প্রথমার্ধে বায়ার্ন গোলটা শোধই করতে পারল না। বিরতির পর থিয়াগো আলকানতারার বদলে মাঠে দেখা গেল লেভানডফস্কিকে। ভলফ্সবুর্গের গোলটা শোধ করতে লেভার সময় লাগল ৬ মিনিট। আলিয়াঞ্জ অ্যারেনার গ্যালারির মলিন মুখগুলোতে হাসি ফুটল। কিন্তু তখনো দর্শকদের কেউ জানেন না কোন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছেন তাঁরা।
প্রথম গোলের পর মিনিট পেরোনোর আগেই দ্বিতীয় গোল। হ্যাটট্রিক করতে লেভানডফস্কি সময় নিলেন ৩ মিনিট ২২ সেকেন্ড, ৫ মিনিট ৪২ সেকেন্ডে ৪ গোল, পাঁচ গোল হলো ৮ মিনিটে ৫৯ সেকেন্ডে! লেভানডফস্কির ৯ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ভলফ্সবুর্গ আর মাথা তুলেই দাঁড়াতে পারেনি। পেয়েছে এই মৌসুমে প্রথম হারের স্বাদ, টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার পর হেরেছে দলটি। বুন্দেসলিগায় এ মৌসুমে একমাত্র দল হিসেবে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল বায়ার্ন।
হ্যাটট্রিক থেকে শুরু করে বাকি গোলগুলোর প্রতিটিতে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন লেভানডফস্কি। বুন্দেসলিগার ইতিহাসে এটাই দ্রুততম হ্যাটট্রিক। ভেঙে দিয়েছেন ২৪ বছর ধরে অক্ষত ডুইসবুর্গের সাবেক জার্মান স্ট্রাইকার মিচেল টোয়েন্নিয়েসের দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড। ১৯৯১ সালে টোয়েন্নিয়েস ৬ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন কার্লসরুর বিপক্ষে। একইভাবে বুন্দেসলিগার দ্রুততম ৪ গোল ও দ্রুততম ৫ গোলের রেকর্ডটাও এখন লেভানডফস্কির। বুন্দেসলিগায় এক ম্যাচে ৫ গোল লেভার আগে করেছেন ১৩ জন। তবে লেভানডফস্কিই প্রথম খেলোয়াড় যিনি এই কীর্তিটা গড়লেন বদলি হিসেবে নেমে!

দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড ভাঙার পর ম্যাচ শেষেই টোয়েন্নিয়েসের অভিনন্দনবার্তা পেয়েছেন, ‘রবার্ট এই রেকর্ড নিজের করে নিয়েছে, সে জন্য ওকে অভিনন্দন। আমি ২৪ বছর ধরে রেকর্ডটি দখলে রেখেছিলাম। রেকর্ড হারিয়ে খারাপ যে লাগছে না, সেটা বলব না। তবে আমার তৃপ্তি আমি রবার্টের মতো একজন দারুণ স্ট্রাইকারের কাছে হার মানলাম। সে যা করেছে, তা সত্যিই অবিশ্বাস্য।’
অবিশ্বাস্য লাগছে লেভানডফস্কির নিজের কাছেও, ‘আমার কাছেও এটা খ্যাপাটে ব্যাপার বলে মনে হচ্ছে। ৫ গোল! তিন ও চার নম্বর গোলটা করার পর আমি স্কোর বোর্ডের দিকে তাকিয়েছিলাম। তখনো খেলার অনেকটা বাকি দেখে বিস্মিত হয়ে গিয়েছিলাম।’
বিবিসি স্পোর্টস মজা করে লিখেছে, মাত্র ৯ মিনিটে লেভানডফস্কি যা করেছেন, সেটা এই মৌসুমে এখনো করতে পারেনি লিভারপুল, নিউক্যাসল ও ওয়েস্ট ব্রম। লা লিগায় পয়েন্ট তালিকার নিচের ১০টি দল এ মৌসুমে এখনো ৫ গোল করতে পারেনি, বুন্দেসলিগায় করতে পারেনি ৬টি দল, সিরি ‘আ’তে ৭টি!
বুন্দেসলিগায় এক ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা অবশ্য অল্পের জন্য অধরাই থেকে গেছে লেভানডফস্কির। আর একটি গোল করলেই তিনি ছুঁয়ে ফেলতেন ১৯৭৭ সালে কোলন স্ট্রাইকার ডিয়েটার মুলারের গড়া রেকর্ডটি। ৩৮ বছর আগে ভেরডার ব্রেমেনের বিপক্ষে কোলনের ৭-২ গোলে জেতা ম্যাচে মুলার একাই করেছিলেন ৬ গোল! এএফপি, রয়টার্স।
বিস্মিত তাঁরাও
পেপ গার্দিওলা, বায়ার্ন মিউনিখ কোচ
সবাই আমাকে জিজ্ঞেস করছে, কী হয়েছে? আমি বলছি, আমার কোনো ধারণাই নেই। কখনো কখনো কিছু ব্যাপার ঘটে যা বর্ণনাতীত। ৯ মিনিটে ৫ গোল! আমি জীবনে এ রকম কিছু দেখিনি। না খেলোয়াড় হিসেবে, না কোচ হিসেবে।
ম্যানুয়েল নয়্যার, বায়ার্ন মিউনিখ গোলরক্ষক
এ এক অসাধারণ অভিজ্ঞতা! লেভি ফুটবল ইতিহাসে নাম লিখিয়েছে।
ফিলিপ লাম, বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার
আমি তো অনেক দিন ধরেই ফুটবল খেলছি, এ রকম কিছু দেখিনি আগে। তবে সমালোচনা যেটি করার, তা করতেই হবে। তার ৭টা গোল হতে পারত, দুটি সহজ সুযোগ সে নষ্ট করেছে। এ রকম সুযোগ নষ্ট করা যাবে না।
ডিয়েটার হেকিং, ভলফ্সবুর্গ কোচ
কী আর বলব! বিশ্বমানের একজন স্ট্রাইকার ৫ গোল করেছে এবং তার ৭টা গোলও হতে পারত। কিন্তু সে যতই ভালো হোক, আমাদের সঙ্গে এটা হওয়াটা ঠিক হয়নি। এর কোনো ব্যাখ্যা নেই। ৯ মিনিটে ৫ গোল কীভাবে হয়!