‘আফ্রিকার ৭০ হাজার দর্শকের সামনে খেলার অভিজ্ঞতা আছে আমার। এই ম্যাচ আমার কাছে কোনো চাপ নয়।’
কথাটি সাইফ স্পোর্টিংয়ের বেলজিয়ান কোচ পল পুটের। বুরকিনা ফাসো, গাম্বিয়া, গিনি, কেনিয়া ও জর্ডান জাতীয় ফুটবল দলের কোচ ছিলেন পুট। তাঁর কাছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচের চাপ আর কী এমন হতে পারে, তা তো তাঁর কথাতেই স্পষ্ট।
গ্রুপ পর্বের তিন ম্যাচে টানা তিন জয়। ১ গোল হজমের বিপরীতে প্রতিপক্ষের জালে ১০ গোল। কোয়ার্টার ফাইনালে মোহামেডানকে টাইব্রেকারে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো আজ ফেডারেশন কাপের সেমিফাইনালে খেলতে নামবে সাইফ স্পোর্টিং। বেলজিয়ামের কোচ পল পুটের হাতে পড়ে দলটা যেন এখন রীতিমতো উড়ছে। এখন ফেডারেশন কাপের ফাইনালে উঠে সেটিকে পূর্ণতা দেওয়ার লক্ষ্য ক্লাবটির।
পুট সাইফের কোচ হিসেবে বাংলাদেশ-অধ্যায়ের শুরুতেই বুঝিয়ে দিয়েছেন তিনি কোন মানের কোচ। ৬৪ বছর বয়সী অভিজ্ঞ এ বেলজিয়ান কোচের সঙ্গে আজ টক্কর দিতে দেখা যাবে বাংলাদেশি ফুটবল–মস্তিষ্ক মারুফুল হককে। বাংলাদেশের অন্যতম সেরা ফুটবল-ট্যাকটিশিয়ান হলেও অভিজ্ঞতায় পুটের কাছে নেই তিনি। কিন্তু কৌশলী ফুটবল খেলানোর সুনাম আছে তাঁর। তিনি কি পারবেন পুটকে হারাতে? বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়।
চট্টগ্রাম আবাহনীর তুলনায় সাইফ তারকা সমৃদ্ধ এক দলই। পুটের একাদশে গোলরক্ষক পাপ্পু হোসেনসহ তিন ডিফেন্ডার রিয়াদুল হাসান, রহমত মিয়া ও ইয়াছিন আরাফাত জাতীয় দলের সদস্য। আক্রমণভাগের দুই উইঙ্গার ফয়সাল হোসেন ফাহিম ও আরিফুর রহমান জাতীয় দলের দরজায় কড়া নাড়া তরুণ।
বিদেশিরাও সাইফের দুর্দান্ত। নাইজেরিয়ার ফরোয়ার্ড ইকেচুকু কেনেথ তো গোলের ডালি সাজিয়ে বসেছেন। চার গোল করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। তাঁর স্বদেশি মিডফিল্ডার জন ওকোলি আক্রমণভাগের মূল জ্বালানি। মাঝমাঠে উজবেক সিরোজিউদ্দিন খেলাটা তৈরি করেন। কোয়ার্টার ফাইনালসহ দলের ১২ গোলের কেনেথের চারটি বাদ দিলে দেখা যাচ্ছে দলের একাধিক খেলোয়াড়ই গোলের রাস্তাটা চেনেন।
তারুণ্যনির্ভর দলটি এখন যেন টগবগে ঘোড়ার মতো দৌড়াচ্ছে। দলের সহ–অধিনায়ক রহমত মিয়ার কণ্ঠেই থাকছে ফাইনালের খেলার লক্ষ্যটা, ‘এমন নয় যে আমরা সেমিফাইনালে উঠেই খুশি। অবশ্যই ফাইনালে খলতে চাই। আমাদের ওপর কোনো চাপ নেই। চাপটা চট্টগ্রাম আবাহনীর ওপরই থাকবে। কারণ, তারা অভিজ্ঞ দল।’
খেলোয়াড়দের বয়সের বিচারে আবাহনী অভিজ্ঞ—এ নিয়ে কোনো সন্দেহ নেই। সাইফের চেয়ে এক ম্যাচ কম খেলে তাদের মোট গোল তিনটি। এর দুটিই এসেছে কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলের বিপক্ষে। দুই বিদেশি ছাড়া একপ্রকার খর্বশক্তির এক দল নিয়েই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে মারুফুলের দল।
দলটি ভুগছে নানাবিধ সমস্যায়। দলের মূল ফরোয়ার্ড চিনেদু ম্যাথু এত দিন করোনায় আক্রান্ত ছিলেন। রোববার রাতে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ তাঁর খেলা নিশ্চিত নয়। ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিক্সন চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও তাঁর খেলাও অনিশ্চিত। তবে মারুফুল স্থানীয় ফরোয়ার্ডদের দিয়েই ম্যাচ বের করে আনতে পারেন। কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলের বিপক্ষে বিদেশিদের অভাব ঢেকে দেন রাকিব হোসেন ও মান্নাফ রাব্বি। দুর্দান্ত দুই গোল করে দলের হাতে সেমিফাইনালে টিকিট তুলে দেন স্থানীয় দুই ফরোয়ার্ড।
তারকাবিহীন দলটির দলটির মূল শক্তি দলীয় সমঝোতা। গোলরক্ষক থেকে শুরু করে আক্রমণভাগ দলটা এক সুতোয় গাঁথা। খেলোয়াড়দের গায়ে তারকা তকমা না থাকলেও মারুফুল বাংলাদেশের তারকা কোচই। সাইফকে শক্তিতে এগিয়ে রাখলেও জয়ের রাস্তাটা খুব ভালোই চেনেন মারুফুলের, ‘শক্তিতে হয়তো সাইফ এগিয়ে। তবে আমরাও প্রস্তুত। ম্যাচ জিততে একটা গোলই যথেষ্ট। বেশি গোল এলে তো ভালোই।’
চট্টগ্রামের আবাহনী এর আগে ফেডারেশন কাপের সেমিফাইনালে খেলেছে একবারই। সেবারই ফাইনাল নিশ্চিত করেছিল তারা। ২০১৬ সালে যদিও সে ফাইনালে আবাহনী লিমিটেডের কাছে তারা ৩-১ গোলে হেরে যায়।