আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের বাছাইপর্বের প্রস্তুতির জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মেয়েদের দলটি জাপান যাচ্ছে আজ। জাপানের জে-গ্রিন সাকাই লেডিস ফেস্টিভ্যাল টুর্নামেন্টে অংশ নেবেন কৃষ্ণা-সানজিদারা।
ফেস্টিভ্যাল টুর্নামেন্ট শুরু হবে ২৮ জানুয়ারি। চার গ্রুপে ভাগ হয়ে ২০টি দল অংশ নেবে এতে। এর মধ্যে দুটি দল বাংলাদেশ ও থাইল্যান্ডের। বাকি আঠারোটি দলই জাপানের। ফেস্টিভ্যাল শুরুর আগে জাপানের স্থানীয় একটি দলের সঙ্গে বাংলাদেশ একটি প্রীতি ম্যাচ খেলবে ২৬ জানুয়ারি। ফেস্টিভ্যালে ২৮ জানুয়ারি টানা তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ এসি ইমাবারির সঙ্গে, পরের দুটির প্রতিপক্ষ সেরেজো ও নাগোয়া এফসি লেডিস। ২৯ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে আমাগাসাকি লেডিসের সঙ্গে। ওই দিনই হবে নকআউট পর্ব।
প্রতিটি ম্যাচের ব্যাপ্তি ৪০ মিনিট। মাঝে পাঁচ মিনিটের বিরতি। কাল বাফুফে ভবনে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন কর্মকর্তারা।
জাপান সফর থেকে অভিজ্ঞতাটাই বড় প্রাপ্তি হবে বলে মনে করেন মহিলা দলের কোচ গোলাম রব্বানী, ‘সেপ্টেম্বরে আমরা বিশ্বকাপের বাছাইপর্বে খেলব। সেই টুর্নামেন্টের প্রস্তুতি এখান থেকেই শুরু হয়ে গেল মেয়েদের। এটি ফেস্টিভ্যাল টুর্নামেন্ট হলে এখানে বিশ্বকাপে অংশ নেওয়া দেশের মেয়েদের সঙ্গে খেলব। এই টুর্নামেন্ট থেকে অভিজ্ঞতা অর্জনই আমাদের একমাত্র উদ্দেশ্য।’