অভিনব উদ্যোগ - জার্সিতে খেলোয়াড়দের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারে প্রিমিয়ার লিগে এমন জার্সি পরে খেলার পরিকল্পনা করেছে রহমতগঞ্জ ক্লাব। ছবি: সংগৃহীত
এবারে প্রিমিয়ার লিগে এমন জার্সি পরে খেলার পরিকল্পনা করেছে রহমতগঞ্জ ক্লাব। ছবি: সংগৃহীত

পরিকল্পনাটা একেবারেই নতুন। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের অন্যতম ঐতিহ্যবাহী দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির কোচ কামাল বাবুর ভাবনা। জার্সিতে নামের সঙ্গে থাকবে প্রতিটি খেলোয়াড়ের ছবিও। এমন জার্সি নিয়ে প্রিমিয়ার লিগে পুরান ঢাকার ক্লাবটি খেলার অনুমতি পাবে কি না, সেটা দ্রুতই জানা যাবে। আপাতত পরিকল্পনাটি বাহবা পাচ্ছে অনেকেরই।

নব্বইয়ের দশকে ফুটবল দলগুলোর জার্সিতে খেলোয়াড়দের নাম সংযোজিত হলেও ফুটবলে কখনো জার্সিতে খেলোয়াড়দের ছবিও দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত করে বলা কঠিন। আন্তর্জাতিক পর্যায়ে বা বিশ্বের শীর্ষ লিগগুলোর কোনো ক্লাব এমনটা করেছে কি না, এমন নিশ্চিত খবর খুঁজে পাওয়া গেল না। ব্যাপারটি অভিনব সন্দেহ নেই।
রহমতগঞ্জ কোচ বললেন, ‘অভিনবত্ব আনতেই এমনটি করা। দর্শকেরা ছবি দেখে খেলোয়াড়দের চিনে ফেলবে—ব্যাপারটা এমন নয়, তবে এতে কিছুটা নতুনত্ব আসবে। অধিনায়ক ও ম্যানেজারের সঙ্গে বসে আমিই এই জার্সিতে ছবি সংযোজনের প্রস্তাব দিয়েছি।’

জার্সির পেছনে নামের ওপর থাকবে সংশ্লিষ্ট খেলোয়াড়ের ছবি। ছবি: সংগৃহীত
জার্সির পেছনে নামের ওপর থাকবে সংশ্লিষ্ট খেলোয়াড়ের ছবি। ছবি: সংগৃহীত

মাঠে খেলোয়াড়েরা এই জার্সি পরে খেলতে পারবে কি না, সেটা এখনই বলা যাচ্ছে না। কামাল বাবু নিজেও এমনটিই বলেছেন, ‘লিগ কমিটির অনুমতি লাগবে। তারা অনুমতি দিলে খেলোয়াড়দের ছবি সংযোজিত জার্সি পরেই লিগ লড়াইয়ে নামবে রহমতগঞ্জের খেলোয়াড়েরা।’
ফিফার জার্সি আইনে অবশ্য ছবি সংযোজন বিষয়ে কোনো কিছু লেখা নেই। ২০০২ জাপান-কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ক্যামেরুন হাতাকাটা জার্সি পরে খেলার অনুমতি চেয়েছিল। ফিফা ক্যামেরুনের সেই আবেদন প্রত্যাখ্যান করে। জার্সির নিচে হাফ স্লিভ টাইটস রেখে সেই হাতাকাটা জার্সি পরতে হয়েছিল ক্যামেরুন দলকে।