অভিনয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা শেষ হয়ে যাচ্ছে, কোনোমতেই হারা যাবে না। এমন মুহূর্তে যেকোনো দলই চাইবে কালক্ষেপণ। ২০ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার ওয়ালেসও সেটা চাইতে পারেন। তাই বলে লজ্জার মাথা খেয়ে এমনভাবে সেটা করবেন! অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ম্যাচে খেলছিল ব্রাজিল ও উরুগুয়ে। খেলার শেষ বাঁশিটা বাজে বাজে, এমন সময় ওয়ালেস ফাউল করে বসলেন উরুগুয়ের এক খেলোয়াড়কে। রেফারি হলুদ কার্ড দেখিয়ে দিলেন সঙ্গে সঙ্গে। আগেও একটা হলুদ কার্ড থাকায় সেটা হয়ে গেল লাল। মাঠ ছাড়ার সময় ওয়ালেসের কী যেন মনে হলো, হঠাৎ শুয়ে পড়লেন মাটিতে। অথচ এর আগে হাঁটছিলেন সুস্থ-স্বাভাবিকভাবেই। উরুগুয়ের খেলোয়াড়েরা প্রতিবাদ জুড়ে দিলেন। কিন্তু ওয়ালেসের ওঠার আর নাম নেই, শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন। ওদিকে কাজ যা হওয়ার হয়ে গেছে, মূল্যবান কিছু সময় বাঁচিয়ে দল পেয়ে গেল একটা পয়েন্ট! মেট্রো।