
শেষ পর্যন্ত তাঁর কোন ছবিটা মনে রাখবেন ফরাসি ফুটবলপ্রেমীরা?
স্পেনের বিপক্ষে সেই বিস্ময়কর গোল? নাকি ফরাসি টিভি শোতে স্যান্ডেল পায়ে শর্টস পরা সেই মানুষটা, যিনি মাইক হাতে অস্ফুট স্বরে বলেছিলেন, ‘হচ্ছে না! আমি কেন জানি পারছি না।’
প্রথম ছবিটা ২০০৬ বিশ্বকাপে শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে তাঁর দুর্দান্ত সেই গোলের। পরের ছবিটা ২০১০ বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই ফ্রান্সের বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পর।
ফ্রান্সের জার্সিতে ফ্রাঙ্ক রিবেরিকে মনে হলে আসলে দুটি ছবিই চোখে ভাসবে। প্রথম ছবিটা সাক্ষ্য দেবে তাঁর প্রতিভার, সামর্থ্যের। পরের ছবিটা বলবে, দেশের জার্সি গায়ে রিবেরি সেই প্রতিভা আর সামর্থ্যের খুব সামান্যই কাজে লাগাতে পেরেছেন। আর এই আক্ষেপটা নিয়েই শেষ পর্যন্ত ফ্রান্সের জার্সিটা চিরদিনের জন্য তুলে রাখার সিদ্ধান্ত নিলেন রিবেরি। আন্তর্জাতিক ফুটবলে বিশ্বকাপ-পরবর্তী বিদায় মিছিলে ফিলিপ লাম, স্টিভেন জেরার্ড, দিদিয়ের দ্রগবা, জাভি ও মিরোস্লাভ ক্লোসার পর যোগ হলো আরও একটা নাম।
জার্মান ফুটবল সাময়িকী কিকার-এর সঙ্গে সাক্ষাৎকারে অবসরের ঘোষণা দিতে গিয়ে অবশ্য সেই আক্ষেপের কথা তুললেন না রিবেরি। মাত্র ৩১ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন নাকি ব্যক্তিগত কারণে, ‘আমি অবসর নিচ্ছি। আমার মনে হয় এটাই ভালো সময়। আমি পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাই, বায়ার্নের হয়ে খেলার দিকে মনোযোগ দিতে চাই। এ ছাড়া তরুণদের জায়গা ছেড়ে দেওয়ার বিষয়টিও রয়েছে।’
২০০৬ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে সেই গোলটাই ছিল আন্তর্জাতিক ক্যারিয়ারে তাঁর প্রথম গোল। তবে শুধু সেই গোল নয়, ম্যাচে তাঁর পারফরম্যান্স দেখে স্বয়ং জিদান সনদ দিয়েছিলেন, ‘এই ছেলেটা হবে ফরাসি ফুটবলের রত্ন।’ জিদানও হয়তো আফসোস করছেন, পরের আট বছরে তাঁর সেই ‘রত্ন’ আর ফ্রান্সের জার্সি গায়ে ঝলমলিয়ে ওঠেনি। ২০০৮ ইউরো আর ২০১০ বিশ্বকাপে দলে ছিলেন, দুটিতেই হতাশাজনক পারফরম্যান্স। দুই টুর্নামেন্টে ফ্রান্সও বিদায় নিয়েছিল প্রথম রাউন্ড থেকে। একটু ঝলক দেখা গেছে ২০১২ ইউরোতে, কিন্তু সেটাতেও ফ্রান্সের পথচলা থেমে গিয়েছিল কোয়ার্টার ফাইনালেই। মাঠে ম্লান রিবেরি একের পর এক বিতর্কের জন্ম দিয়েছেন মাঠের বাইরে। ২০১০ বিশ্বকাপের সেই বিতর্কিত ‘ফরাসি বিদ্রোহে’ অংশ নিয়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন জাতীয় দল থেকে, জড়িয়েছেন যৌন কেলেঙ্কারিতে। নিদারুণ এই ব্যর্থতার জন্য ফ্রান্সের সাবেক কোচ রেমন্ড ডমেনেখকে কিছুটা দায়ী করেছিলেন রিবেরি। ডমেনেখের সঙ্গে তাঁর মেলেনি কখনোই। এই দুঃখ ভুলে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন দিদিয়ের দেশম কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর। বলেছিলেন, ‘তিনি আমাকে অনেক স্বাধীনতা দিয়েছেন। আমি নিজের পছন্দের পজিশনে খেলতে পারছি। যে স্বাধীনতাটুকু ২০০৬ সালে পেয়েছিলাম।’ বায়ার্নের হয়ে দুর্দান্ত একটা মৌসুম কাটানো রিবেরিকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিল ফরাসিরাও। কিন্তু শেষ পর্যন্ত চোটের কারণে পছন্দের কোচের অধীনে বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপটা রয়েই গেল তাঁর।
আক্ষেপের সঙ্গে হয়তো আছে কিছুটা অভিমানও। গত মৌসুমে দারুণ খেলে বায়ার্নকে ট্রেবল জিতিয়েছেন। ইউরোপের বর্ষসেরা ফুটবলার হওয়ার পরে মনোনয়ন পেয়েছিলেন ফিফা ব্যালন ডি’অরের জন্যও। কিন্তু শেষ পর্যন্ত পুরস্কারটা জিততে পারেননি। বিদায়বেলায় শোনালেন মনে পুষে রাখা অভিমানের কথা, ‘আমি তো দেশের মানুষের কাছ থেকে আরেকটু সমর্থন পেতে পারতাম। আমার কেন জানি মনে হয় ফ্রান্সের মানুষ আমার চেয়ে মেসি, রোনালদোকে বেশি পছন্দ করে। কেন, সেটা ভেবে আমি বিস্মিত!’
এই অভিমান থেকে কি অকালেই ফ্রান্সের সঙ্গে ফুটবল সম্পর্কটা চুকিয়ে ফেললেন রিবেরি? রয়টার্স, এএফপি।
ম্যাচ ৮১
(জয় ৪২, ড্র ২২, হার ১৭)
গোল ১৬ অ্যাসিস্ট ২১
অভিষেক
২৭ মে, ২০০৬। প্রতিপক্ষ মেক্সিকো।
শেষ ম্যাচ
৫ মার্চ, ২০১৪। প্রতিপক্ষ হল্যান্ড।
দলীয় অর্জন
২০০৬ বিশ্বকাপে রানার্সআপ