ঘরোয়া ফুটবলে পাতানো খেলার দূষিত বাতাস এখনো বইছে জোরেশোরেই। মাঝে এর গতি কিছুটা কমলেও সদ্য শেষ হওয়া ঢাকার সিনিয়র ডিভিশন ফুটবল লিগে দেদার পাতানো খেলার অভিযোগ ওঠে। সেই প্রেক্ষাপটেই ঢাকা সিনিয়র ডিভিশন লিগের একটি ম্যাচ তদন্ত করে দুটি দলকে গতকাল শাস্তি দিয়েছে ঢাকা মহানগর লিগ কমিটি।
শাস্তি হিসেবে ঢাকা ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে প্রথম বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা। আরও বড় শাস্তি চাইলে দিতে পারে বাফুফে। ওই ক্ষমতা নাকি লিগ কমিটির নেই।
এ ছাড়া ইচ্ছাকৃত গোল খাওয়ার অভিযোগে শাস্তি পেয়েছেন ঢাকা ইউনাইটেডের তিন খেলোয়াড়। অধিনায়ক মশিউল কবির বাপ্পি ও গোলরক্ষক নুর আলমকে মহানগরী লিগ কমিটির সব খেলায় দুই বছর ও স্টপার দেওয়ান মোহাম্মদ জুয়েলকে এক বছর নিষিদ্ধ করা হয়েছে।
ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ারের কর্মকর্তা সৈয়দ গোলাম জিলানী ‘ম্যাচটি পাতানো ছিল না’ বলে সংবাদমাধ্যমে বক্তব্য দেন। এটা অপরাধযাগ্য বিবেচনা করে জিলানীকে শাস্তি দিতে বাফুফের কাছে আবেদন করেছে লিগ কমিটি। কারণ জিলানী বাফুফের বেতনভুক্ত কোচ।
গত ২১ মে কমলাপুর স্টেডিয়ামে ঢাকা ইউনাইটেড ২-০ গোলে সোশ্যাল ওয়েলফেয়ারকে ম্যাচ ছেড়ে দিয়েছে বলে গুঞ্জন ওঠে। এই ম্যাচে ইউনাইটেডের হজম করা দ্বিতীয় গোলটি নিয়েই যত সন্দেহ। যা তদন্ত করে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) দীল মোহাম্মদের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি।
ওই কমিটির সুপারিশ, ভিডিও ফুটেজ, ম্যাচ কমিশনার ও রেফারির প্রতিবেদন বিবেচনায় নিয়েই ঢাকা মহানগরী লিগ কমিটি শাস্তি দিয়েছে বাইলজ মেনে। কমিটির প্রধান হারুনুর রশিদ কাল লিগ কমিটি অফিসে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এই দুটি দল পাতানো খেলেছে বলে প্রমাণ হয়েছে। সব আইন-কানুন মেনেই এই শাস্তি দিয়েছি আমরা।’
শাস্তি দেওয়ার পূর্বাপরও বর্ণনা করেন হারুন, ‘সিনিয়র ডিভিশন ফুটবলে এই পাতানো খেলার খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত গেছে। প্রধানমন্ত্রী সাঁতারের অনুষ্ঠানে এলে তাঁর সামনে অনেকে আমাকে এমনভাবে কথা শুনিয়েছেন, যেন আমি তখনই পাতানো ম্যাচ খেলে অনুষ্ঠানে গিয়েছি। তাই এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ ছিল না।’
কিন্তু প্রশ্ন উঠেছে, আরও পাঁচ-ছয়টি ম্যাচ পাতানো হয়েছে বলে অভিযোগ থাকলেও শুধু একটি ম্যাচ কেন? অন্য কোনো ম্যাচ ভিডিও করা না হলেও এই ম্যাচটিই শুধু ভিডিও করা হলো কেন? অভিযুক্ত ক্লাব দুটি বলেছে, তারা ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হওয়ায় শাস্তি পেয়েছে, অন্যরা পায়নি।
এসব প্রশ্নে হারুনুর রশিদের ভাষ্য, ‘এই দুটি দল আট-নয় বছর ধরেই খেলছে। কই, আমরা তো তাদের বিরুদ্ধে কিছু করিনি! কাজেই অভিযোগ সঠিক নয়।’ বাকি ম্যাচগুলোর তদন্ত না করার ব্যাপারে তাঁর যুক্তি, ‘কেউ আমাদের কাছে ওই ম্যাচগুলোর ব্যাপারে অভিযোগ করেনি।’ মজার ব্যাপার, কোনো অদৃশ্য কারণে অনেক ম্যাচের কথাই চেপে যান ম্যাচগুলো তদারকির দায়িত্বপ্রাপ্তরা।