অভিযুক্তদের দলে চান মোরেনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী চাকরি করেন ঢাকায় ইউনিসেফ কার্যালয়ে। সেই সুবাদেই বাংলাদেশে আসা গঞ্জালো সানচেজ মোরেনোর। শুধু বার্সেলোনায় খেলার অভিজ্ঞতাকে পুঁজি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যোগাযোগ। এরপরই পেয়ে গেলেন ডেভেলপমেন্ট কোচের দায়িত্ব। পর্যায়ক্রমে অলিম্পিক দল হয়ে এখন এই স্প্যানিশের কাঁধে জাতীয় দলেরও দায়িত্ব।
প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব পেয়ে খুবই উচ্ছ্বসিত মোরেনো, ‘আমি খুব খুশি এবং রোমাঞ্চিত। আমার দায়িত্বে জাতীয় দলের সব ম্যাচই জিততে চাই।’ কালই প্রথম মোরেনোর অধীনে ফুটবলাররা অনুশীলন করেছেন। কমলাপুর স্টেডিয়ামে সকালে অনুশীলনের পর বিকেলে বিএসএলের লোগো উন্মোচন অনুষ্ঠানে মোরেনো এলেন জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে। শুধু অনুষ্ঠানে ছিলেন না মামুনুল, হেমন্তসহ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কাঠগড়ায় দাঁড়ানো সাত ফুটবলার। বিশ্বকাপ বাছাইয়ের জর্ডানের সঙ্গের ২৪ মার্চ ম্যাচেও হয়তো পাবেন না এই সাত ফুটবলারকে। কিন্তু এখন থেকেই তাঁদের অভাবটা ভালোভাবে বুঝতে পারছেন মোরেনো। তাই তো কাল কথার এক ফাঁকে বলে ফেললেন, ‘ইয়ামিন মুন্না, ইয়াসিনদের আমি দলে দেখতে চাই। তপু, মামুন, সোহেল সবাইকে আমার প্রয়োজন।’
জর্ডানের বিপক্ষে ঢাকায় ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার খেলতে হবে জর্ডানের মাঠে। শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়াইটা বেশ কঠিনই হবে। বাস্তবতা মেনে নিয়ে তাই মোরেনো বললেন, ‘আমার হাতে কোনো জাদুর কাঠি নেই যে রাতারাতি জিতে যাব জর্ডানের সঙ্গে।’ তবে ফুটবলাররা যেন সেরাটা দিয়ে লড়াই করেন, সেটাই চাইছেন মোরেনো।
মামুনুল, হেমন্তের কার্ড-সমস্যা রয়েছে। ওঁরা খেলতে পারবে না। শেখ জামালের এএফসি কাপের ম্যাচ রয়েছে। এই ম্যাচের আগে সব ফুটবলার একসঙ্গে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। কিন্তু সবার একসঙ্গে অনুশীলন করা জরুরি। এই দলের রক্ষণভাগটাই বেশি শক্তিশালী করতে হবে। অথচ রক্ষণের সেরা ফুটবলার নাসির উদ্দিন চৌধুরীকে দলেই রাখেননি মোরেনো। নাসিরের প্রসঙ্গ তুলতেই বললেন, ‘ও আসলে দ্রুত দৌড়াতে পারে না। আমার প্রয়োজন গতিময় ফুটবলার। এ জন্যই ওকে আমি দলে ডাকিনি।’
ভারতে সদ্য শেষ হওয়া এসএ গেমসে ব্রোঞ্জ জিতেও খুশি কোচ, ‘সেখানে গিয়ে বাংলাদেশ সোনার পদক ধরে রাখতে পারেনি। ছেলেরা ব্রোঞ্জ জিতেছে। তবু আমি সন্তুষ্ট। কারণ সেখানে মাত্র একটি ম্যাচ হেরেছি আমরা। ভারতের সঙ্গে চোটের কারণে খেলতে পারেনি হেমন্ত। ওই ম্যাচে রেফারিও আমাদের বিরুদ্ধে বাঁশি বাজিয়েছিল। সব মিলিয়ে ছেলেরা কিন্তু মোটেও খারাপ খেলেনি।’