অভিযোগ অস্বীকার মরিনহোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবস্থা এমন যে স্পেনে কোনো তারকা ফুটবলার বা কোচের নাম উঠলেই তিনি যেন কর ফাঁকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত! লিওনেল মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বিশ্বসেরা ফুটবলারদের পর পরশু নতুন করে অভিযোগ উঠেছে কোচ হোসে মরিনহোর বিরুদ্ধেও। তবে মরিনহোর প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান অবশ্য অভিযোগটা অস্বীকার করেছে।

স্পেন ছেড়েছেন সেই ২০১৩ সালে, চেলসি ঘুরে বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডকেই করেছেন ঠিকানা। কিন্তু কর ফাঁকির অভিযোগটা মরিনহোর পিছু ছাড়েনি। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন, সে সময় ২০১১ ও ২০১২ সাল মিলিয়ে মরিনহো মোট ৩৩ লাখ ইউরো ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ করেছে স্প্যানিশ কর কর্তৃপক্ষ। ২০১১ সালে ১৬ লাখ, পরের বছর ১৭ লাখ।

তবে মরিনহোকে প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান জেস্টিফিউট মিডিয়া অভিযোগ মানতে রাজি নয়। প্রতিষ্ঠানটি মরিনহোর একটি কর-সংক্রান্ত দলিল প্রকাশ করেছে, যেটির তারিখ ২০১৫ সালের ৩ জুলাই। তাদের মতে, ২০১১ ও ২০১২ সালের বকেয়া করের হিসাব মেটাতে স্প্যানিশ কর কর্তৃপক্ষকে ২০১৫ সালে ২৬ মিলিয়ন ইউরোরও বেশি কর দিয়েছেন মরিনহো। এর বাইরে ২০১৩ সালের কর-সংক্রান্ত ঝামেলা মিটিয়েছেন পারস্পরিক সম্মতিতে। প্রতিষ্ঠানটির বিবৃতিতে এটাও লেখা আছে, মরিনহো কর্তৃপক্ষের কাছ থেকে সনদও পেয়েছেন, যাতে লেখা আছে, পর্তুগিজ কোচ তাঁর কর-সংক্রান্ত দায়িত্ব হালনাগাদ করে রেখেছেন। এএফপি।