অভিষেকে অপরাজিত কসোভো
কিছুক্ষণ পরই শুরু হবে ম্যাচ। অথচ কসোভো কোচ আলবার্ট বুনিয়াকি তখনো জানেন না, প্রথম একাদশে কারা থাকছেন। শেষ মুহূর্তে পেলেন সামির উজকানি, আলবার্ট বুনিয়াকু, আলবান তেহা ও ভ্যালন বেরিশার অনুমতিপত্র। এই চারজনের মধ্যে বেরিশাই গোল করে এনে দিলেন উৎসবের উপলক্ষ। ফিফার মানচিত্রে নতুন ভূখণ্ড কসোভোর শুরুটাও হলো আশা জাগানিয়া। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ফিনল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সাবেক যুগোশ্লাভিয়ার অংশ ছোট্ট দেশটি।
উজকানি, তেহা, বুনিয়াকু বা বেরিশার কারোরই কিন্তু সাধারণ নিয়মে ম্যাচটা খেলতে পারার কথা নয়। তিনজনই এর আগে আন্তর্জাতিক ফুটবল খেলেছেন অন্য দেশের হয়ে। উজকানি ও তেহা খেলেছেন আলবেনিয়ার হয়ে, বুনিয়াকু সুইজারল্যান্ডের হয়ে। বেরিশা নরওয়ের হয়ে খেলেছেন ১৯টি ম্যাচ। কিন্তু গত মে মাসে ফিফার সদস্য হওয়ার পর তিনজনেরই কসোভোর জার্সিটা গায়ে চড়াতে ইচ্ছা হলো। কসোভোও এরপর অনুমতিপত্রের জন্য আবেদন করল ফিফার কাছে। কিন্তু ম্যাচের সময় যতই ঘনিয়ে আসে, সেই চিঠি আর আসে না। একেবারে শেষ মুহূর্তে, ম্যাচ শুরুর আগেই অবশেষে জ্বলে আশার বাতি। বেরিশাও নতুন দেশের হয়ে অভিষেকেই পেয়ে গেলেন গোল।
দুই দিন আগেই বেরিশা বলেছিলেন, নরওয়ে ছাড়তে তাঁর ভীষণ কষ্ট হবে। নরওয়ে তো তাঁকে দিয়েছে প্রায় সবকিছুই। বুকে পাথর বেঁধেই নাম লেখাতে হয়েছে কসোভোতে। কিন্তু এখন তাঁর আফসোসটা থাকার কথা নয়। ফিনল্যান্ডের তুরকুতে হয়েছে ম্যাচটি, সেখানে আবার বেশ কিছু কসোভানের বাস। গ্যালারিতে তাই সমর্থনের অভাব হয়নি। শুরুতে অবশ্য ফিনল্যান্ডই এগিয়ে গিয়েছিল, ১৯ মিনিটে গোল করে স্বাগতিকদের উল্লাসে ভাসিয়ে দেন পলাস আরাজুরি। কিন্তু গোল খাওয়ার পর কসোভো খেলায় ফিরলেও গোলটা আসছিল না। শেষ পর্যন্ত ৬০ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে কসোভোর হয়ে ঐতিহাসিক গোলটি করেন বেরিশা।
কসোভোর সামনে অবশ্য এখন খেলার চেয়েও বড় দুশ্চিন্তা, ক্রোয়েশিয়ার সঙ্গে পরের মাসে ম্যাচটা খেলতে হবে আলবেনিয়ায় গিয়ে। রাজধানী প্রিস্টিনায় নতুন স্টেডিয়ামের কাজ শেষ হতে আরও বছর খানেক লাগবে, তত দিন আলবেনিয়ার শকোদ্রাতেই খেলতে হবে ঘরের মাঠের ম্যাচ। এএফপি, রয়টার্স।