অভিষেকেই ঢাকার ভালোবাসা পেয়েছিলেন পিকে

আজ চলে গেলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়। সারা জীবন তিনি পরিচিত ছিলেন পিকে ব্যানার্জি নামেই। বর্ণময় ক্যারিয়ারের অধিকারী পিকে ব্যানার্জি খেলেছেন অলিম্পিকে, নেতৃত্বও দিয়েছেন দেশকে। ভারতীয় ফুটবলের সেরা সময়ের অন্যতম কান্ডারি এই ফুটবল-ব্যক্তিত্ব অধিনায়ক হিসেবে ভারতকে এনে দিয়েছিলেন এশিয়ান গেমসের সোনার পদক। ভারতীয় দলের কোচও ছিলেন, এনে দিয়েছেন একাধিক সাফল্য। তাঁর অনন্য ফুটবল ক্যারিয়ারের একটা তথ্য বাংলাদেশের মানুষকে গর্বিত করতেই পারে। ১৯৫৫ সালে ভারতীয় দলের জার্সিতে তাঁর অভিষেক যে হয়েছিল এই ঢাকাতেই।
১৯৫৫ সালে ঢাকাতে একটি চার জাতি টুর্নামেন্ট হয়েছিল। ভারত, শ্রীলঙ্কা, বার্মা (বর্তমানের মিয়ানমার) ও পাকিস্তানকে নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে ১৯ বছর বয়সী পিকে ব্যানার্জি তাঁর আগমনী-বার্তা দিয়েছিলেন ৫ গোল করে। গোল করেছিলেন প্রতিটি দলের বিপক্ষেই। ঢাকা স্টেডিয়ামে (বর্তমানের বঙ্গবন্ধু স্টেডিয়ামে) সেই টুর্নামেন্টে খেলে তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের বছরই, ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে ভারতীয় দলে সুযোগ পান। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ১৯৬৭ সালে।
পিকে ব্যানার্জি তাঁর জীবনীগ্রন্থ ‘বিয়ন্ড নাইন্টি মিনিটসে’ তাঁর অভিষেকের স্মৃতি বর্ণনা করেছেন। তিনি এক জায়গায় লিখেছেন, ঢাকার দর্শকেরা কীভাবে তাঁর দুর্দান্ত ক্রীড়াশৈলির প্রশংসা করেছিল। ১৯৫৫ সালের প্রেক্ষাপটে পাকিস্তান দলকে স্বাভাবিকভাবেই সমর্থন দিচ্ছিলেন স্টেডিয়ামের দর্শকেরা। কিন্তু পিকে ব্যানার্জি লিখেছেন, পাকিস্তানের প্রতি দর্শকদের পক্ষপাত সত্ত্বেও তাঁর প্রতি ঢাকার দর্শকদের দুর্বলতার কথা। তাঁর পায়ে বল গেলেই দর্শকেরা তাঁকে করতালি দিয়ে অভিনন্দিত করত সে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে। শেষ পর্যন্ত পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে ভারত। তিনি কিছুটা আবেগ দিয়েই বলেছেন, ‘ঢাকার দর্শকদের পক্ষপাত ছিল পাকিস্তানের পক্ষে। জয়টা ছিল একেবারে খাঁটি, অবিশ্বাস্যও। কিন্তু দর্শকেরা তাঁদের একেবারে নিজেদের এই বাঙালি সন্তানকে ভালোবেসেছিল।’