অভিষেকেই পেদ্রো 'ম্যারাডোনা'!

দলবদলের বাজারে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখের গ্রাস কেড়ে নিয়েছে চেলসি। মাত্র তিন দিন হলো বার্সেলোনা থেকে পেদ্রোকে দলে টেনেছেন মরিনহো । চেলসির হয়ে খেলতে নেমে প্রথম আধ ঘণ্টার মাঝেই একটি গোল, সতীর্থকে দিয়ে করালেন আরেকটি। স্বপ্নের অভিষেক। কোচ মরিনহো তো খুশিতে আটখানা। আনন্দের আতিশয্যে পেদ্রোকে ‘ম্যারাডোনা’ই ডেকে বসলেন এই পর্তুগিজ কোচ।
পেদ্রো এবং মরিনহোর মধ্যকার সম্পর্ক বেশ পুরোনো। তবে সম্পর্কটা অম্ল-মধুর। ২০১১ সালে পেদ্রোর দেওয়া গোল নিয়ে তখনকার রিয়াল মাদ্রিদ কোচ মরিনহো ও বার্সেলোনার পেপ গার্দিওলার মধ্যে রীতিমতো লড়াই বেঁধে যায়। বিতর্কের আগুনে ঘি ঢেলে দেন পেদ্রো নিজেই। মরিনহোকে তাচ্ছিল্য করে বলে বসেন, বিশ্বের সেরা কোচ গার্দিওলাই।
চার বছর পর সেই বার্সা থেকে চেলসিতে মরিনহোর অধীনেই খেলতে এলেন এই উইঙ্গার। ইউনাইটেডকে হতাশ করে দিয়ে চেলসি বেছে নেওয়ার কারণও নাকি সেই মরিনহো! এত বিস্ময়ের মাঝে কাল ওয়েস্ট ব্রমের বিপক্ষে প্রথম একাদশে পেদ্রোর নাম আরও বড় চমক হয়েই এসেছে। মাত্র তিন দিনের প্রস্তুতিতেই মাঠে নামিয়ে দেওয়া! এখনো তো ইংলিশ আবহাওয়াই মানিয়ে নিতে পারেননি।
পেদ্রো অবশ্য কোচের আস্থার জবাব দিয়েছেন দারুণভাবেই। খেলার ২০ মিনিটের মাথায় গোল করে এগিয়ে দিয়েছেন দলকে। ৩০ মিনিটের মাথায় ডিয়েগো কস্তাকে দিয়ে করিয়েছেন আরেকটি গোল। উইলিয়ান বোকামি না করলে আরেকটি গোলেও অবদান থাকত এই স্প্যানিয়ার্ডের। ম্যাচ শেষে মরিনহো তাই পেদ্রোকে নিয়ে উচ্ছ্বসিত। নিজের মতো করেই বললেন, ‘ঠিক ম্যারাডোনার মতো না খেললেও কাছাকাছি তো খেলেছে!’
পেশাদার ফুটবলের পুরোটা সময় পার করেছেন বার্সায়। সেটিও নিয়মিত একাদশে সুযোগ পেয়েছেন কমই। ইংলিশ ফুটবলে কতটুকু কী করতে পারবেন সন্দেহ ছিল অনেকের। মাত্র আধা ঘণ্টায় সব সন্দেহের মেঘ তাড়িয়ে দিলেন। সূত্র: গোলডটকম।