
তাঁর মতো করে ওয়েইন রুনিকে আর কে চেনে! ২০০৪ সালে এভারটন থেকে ১৮ বছর বয়সী রুনিকে তিনিই এনেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তারপর? ইতিহাস! নিজের ছেলের মতো করেই রুনিকে সময়ের সেরাদের একজন করে গড়ে তুলেছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। এখন তো স্যার ববি চার্লটনকে টপকে ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতাও হয়ে গেছেন ৩১ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার।
সেই ফার্গুসনই যখন বলেন রুনির এই রেকর্ড সম্ভবত অমর হতে যাচ্ছে, সেটিকে যেন মনে হয় সনদ। এ সময়ের ফুটবলে খেলোয়াড়দের দ্রুত ক্লাব বদলের সংস্কৃতিকেও এটির কারণ হিসেবে দেখছেন ৭৫ বছর বয়সী স্কটিশ কোচ।
গত শনিবার ঘরের মাঠে স্টোক সিটির বিপক্ষে ৯৩ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে গোল করে ইউনাইটেডকে ড্র এনে দিয়েছেন রুনি। ইউনাইটেডের জার্সিতে এটি তাঁর ২৫০তম গোল, পেছনে পড়ে গেল চার্লটনের ২৪৯ গোলের রেকর্ড। এই রেকর্ডটাই আর হাতবদলের সম্ভাবনা দেখেন না ফার্গুসন, ক্লাবের টিভি চ্যানেল এমইউটিভিকে বলেছেন, ‘মনে হয় না রেকর্ডটা কেউ ভাঙতে পারবে। কখনোই পারবে না সেটি তো বলতে পারি না—নেভার সে নেভার—তবে এখনকার যুগের ফুটবল দেখলেই বুঝবেন, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো অল্প কয়েকটি ক্লাবই আছে, যারা একজন খেলোয়াড়কে ১০ বছরের বেশি সময় ধরে রাখতে পারে। একজন খেলোয়াড় একই ক্লাবে থাকার ঘটনাটা দিনে দিনে কমছে।’
রুনির পাশাপাশি ফার্গুসনের ‘প্রশংসাপত্র’ পেলেন ইউনাইটেড কোচ হোসে মরিনহোও। ২০১৩ সালে ‘ফার্গি’র অবসরের পর থেকেই ওল্ড ট্রাফোর্ডে চলছিল দুর্দশা। ডেভিড ময়েসের ‘অন্ধকার যুগ’ পেরিয়ে লুই ফন গালের ‘ঘুমপাড়ানি’ ফুটবল শেষে মরিনহোর স্পর্শে যেন ঘুম ভাঙছে ইউনাইটেডের। ফার্গুসনেরও তা-ই মনে হচ্ছে, ‘আমার মনে হয়, হোসে সমাধান খুঁজে পেয়েছে। মৌসুমের শুরুতে একটা সময় ছিল যখন কিছু সিদ্ধান্ত তার পক্ষে যায়নি, সেও তখন আবেগপ্রবণ হয়ে পড়েছিল।’
তবে শুরুর বাধা পেরিয়ে ইউনাইটেডে এখন গুছিয়ে নিয়েছেন ‘স্পেশাল ওয়ান’। নভেম্বরের শুরু থেকে সব প্রতিযোগিতায় টানা ১৬ ম্যাচ অপরাজিত দল, খেলছেও আকর্ষণীয় ফুটবল। লিগে ৪১ পয়েন্ট নিয়ে আছে তালিকার ছয়ে, চারে থাকা লিভারপুলের চেয়ে পিছিয়ে ৪ পয়েন্টে। লিগ কাপের ফাইনালেও এক পা দিয়েই রেখেছে। ফার্গুসনের উপলব্ধি, ‘এখন তাকে দেখুন—শান্ত, সবকিছু তার নিয়ন্ত্রণে। দলটাকে দেখেও এই মুহূর্তে তেমনই মনে হয়।’
দলের চেতনায়ই বদল চোখে পড়ছে ফার্গুসনের, ‘গত শনিবার স্টোকের বিপক্ষে শেষ কিক পর্যন্ত খেলে গেছে। কখনো হাল ছাড়েনি। সেটির পুরস্কারও পেয়েছে ওয়েইন রুনির অসাধারণ ওই গোলে। আর রুনি কী করেছে দেখেছেন? (গোল করেই) দৌড়ে মাঠের মাঝরেখায় চলে গেল। কোনো উদ্যাপন নেই। বলের দিকে আঙুল দেখিয়ে যেন বলতে চাইল, “তাড়াতাড়ি! ম্যাচটা আমাদের জিততে হবে!” হোসে এই চেতনাটাই দলে তৈরি করে দিয়েছে।’ গোলডটকম।