প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দানি আলভেসকে কলা ছুড়ে মারার ওই ঘটনা মনে আছে? কলার খোসা ছাড়িয়ে সেটা মাঠেই খেয়ে ফেলেছিলেন বার্সেলোনা ডিফেন্ডার। গত বছর এপ্রিলের ওই ঘটনা তুমুল হইচই ফেলে দিয়েছিল। পুরো বিশ্বে বর্ণবাদবিরোধী প্রতিবাদের ঢলও নেমেছিল। হুয়ান ওলেইভ বোধ হয় আলভেসের ঘটনাটা মনে রেখেছিলেন। ম্যাচের সময় গ্যালারি থেকে যখন এই গোলরক্ষকের দিকে বার্গার ছুড়ে মারা হলো, সেটা হাতে নিয়ে দুই কামড় দিয়েও দিলেন। ঘটনাটা গত পরশু আর্জেন্টাইন লিগের বেলগ্রানোর সঙ্গে রেসিং ক্লাবের ম্যাচে। বেলগ্রানো গোলরক্ষক ওলেইভের বোধ হয় ম্যাচের সময় ক্ষুধা পেয়েছিল, বার্গারটা চেখে দেখার লোভটা তাই সামলাতে পারলেন না। বার্গারে অবশ্য কিছু মেশানো-টেশানো ছিল না, বাকি সময় কোনো সমস্যা ছাড়াই খেলে গেছেন ওলেইভ। ইএসপিএন।