অর্থলোভী ডি মারিয়া?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন। রিয়ালের হয়ে জিতেছেন লা ডেসিমা, গোল করেছেন কোপা ডেল রের ফাইনালে, লিসবনের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের সেরা খেলোয়াড়ও তিনি। কোথায় দারুণ ফর্মে থাকা ডি মারিয়ার সঙ্গে সম্পর্কটা আরও পোক্ত হবে রিয়াল মাদ্রিদের, উল্টো মৌসুম শেষে ক্লাব ছেড়ে চলে গেলেন এই আর্জেন্টাইন উইঙ্গার! ডি মারিয়া বলেছিলেন, রিয়াল মাদ্রিদই নাকি সব সময় চেয়েছে তিনি যেন ক্লাব ছাড়ার উদ্যোগ নেন। কিন্তু রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি এখন বলছেন, টাকার জন্যই নাকি ক্লাব ছেড়েছিলেন মারিয়া!
আনচেলত্তি বলছেন, ‘একজন খেলোয়াড়ের জন্য আপনি ক্লাবের নীতি বদলাতে পারেন না। ডি মারিয়া অনেক অর্থ দাবি করেছিল এবং শেষ পর্যন্ত তা পেতে চলে যাওয়ারই সিদ্ধান্ত নেয়।’ এরপর যা বললেন, তা খানিকটা চাঁছাছোলাই, ‘সে যে অঙ্কের চুক্তি দাবি করেছিল, ক্লাব তা দিতে পারবে না। আমি এই ক্লাবের ম্যানেজার; অবশ্যই আমি ক্লাবের স্বার্থ দেখব, ক্লাবের খেলোয়াড়দের নয়।’
ব্রিটিশ রেকর্ড ট্রান্সফার ফি ৫৯.৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে পাঁচ বছরের জন্য ডি মারিয়া যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এএফপি।