অর্থহীন ম্যাচের আগে সুয়ারেজের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস সুয়ারেজ
লুইস সুয়ারেজ

কোপা আমেরিকার সবচেয়ে সফল দল তারা, টুর্নামেন্টে এসেছিল ফেবারিট দলগুলোর একটি হয়ে। অথচ গ্রুপ পর্বের দুই ম্যাচ যেতে না-যেতেই শতবার্ষিকী কোপা আমেরিকা উরুগুয়ের জন্য হয়ে গেল অর্থহীন। মেক্সিকো ও ভেনেজুয়েলার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে। আগামীকাল নিয়মরক্ষার শেষ ম্যাচে গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হওয়া আরেক দল জ্যামাইকার বিপক্ষে খেলতে নামবেন সুয়ারেজ-কাভানিরা।
সুয়ারেজ? কাল আসলেই খেলবেন উরুগুয়ে স্ট্রাইকার? ভেনেজুয়েলার সঙ্গে বাঁচা-মরার দ্বিতীয় ম্যাচে দল পিছিয়ে থাকা অবস্থায়ও তাঁকে নামাননি কোচ অস্কার তাবারেজ। সেখানে কালকের ‘অর্থহীন’ ম্যাচে চোটের সঙ্গে লড়তে থাকা বার্সেলোনা স্ট্রাইকারকে কি আর নামানোর ঝুঁকি নেবেন?
প্রশ্ন অনেক। তবে কোনোটিরই উত্তর কাল পর্যন্ত পাওয়া যায়নি। অবশ্য পুরোনো একটা প্রশ্নের উত্তর পাওয়া গেছে, কারণ জানা গেছে দ্বিতীয় ম্যাচে সুয়ারেজের অমন রাগের। সেদিন মাঠে না নামতে পেরে রাগে ডাগ-আউটের দেয়ালে ঘুষি মেরেছিলেন সুয়ারেজ, গালিও নাকি দিয়েছিলেন সহকারী কোচকে। ২৯ বছর বয়সী স্ট্রাইকার অবশ্য সংবাদ সম্মেলনে বললেন, ‘আমি এখনো সামর্থ্যের ৯০ শতাংশও দিতে পারছি না। রাগটা এসেছিল আসলে কিছু করতে না পারার, চোখের সামনে দলকে বাদ পড়তে দেখার অসহায়ত্ব থেকে। এর সঙ্গে কোচ বা কোচিং সদস্যদের কারও সম্পর্ক নেই।’
উরুগুয়ের ম্যাচের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাল অনুষ্ঠেয় একই গ্রুপের মেক্সিকো-ভেনেজুয়েলা ম্যাচটি। যারা জিতবে তারাই গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনার গ্রুপের দ্বিতীয় দলটির। ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থাকা মেক্সিকোই হবে গ্রুপ চ্যাম্পিয়ন। ইএসপিএন।