কামরুলের ‘অলিম্পিক গোলে’ আটকে গেল মোহামেডান

জয় পেল না মোহামেডানছবি: বাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ফুটবলে অলিম্পিক গোলের দেখা মিলল! কর্নার থেকে সরাসরি গোল! টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে অলিম্পিক গোলেই জয়বঞ্চিত হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। চট্টগ্রাম আবাহনীকে দুর্দান্ত এই গোল করে পয়েন্ট এনে দিয়েছেন কামরুল ইসলাম। ম্যাচটি ড্র হয়েছে ১–১ গোলে।

এর আগে মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতেও এক দুর্দান্ত গোলে এগিয়ে দিয়েছিলেন দলকে। কামরুলের দায় ছিল সে গোলে। তবে শেষ পর্যন্ত সেই কামরুলই হার থেকে বাঁচিয়েছেন চট্টগ্রাম আবাহনীকে।

বক্সের মধ্যে থেকে যে জায়গা থেকে শটটি নিয়েছিলেন সুলেমান দিয়াবাতে, সাধারণত এমন জায়গা থেকে গোল হতে দেখা যায় না। কাছের পোস্ট ‘ব্লক’ করে দাঁড়িয়েছিলেন চট্টগ্রাম আবাহনীর গোলকিপার সাইফুল ইসলাম। দিয়াবাতের বুলেট গতির শটে কোনো নড়াচড়ারই সুযোগ পেলেন না। বলটি জড়িয়ে গেল জালে।

সাইফুলের যেন বিশ্বাসই হচ্ছিল না বলটা পোস্টের মধ্যে দিয়েই জালে জড়িয়েছে! বল জালে জড়ানোর পর কিছু সময় নিয়ে পোস্টের জাল নাড়াচাড়া করে দেখলেন জাল ছিঁড়ে বল গোলে ঢুকেছে কি না।

টঙ্গীর মাঠে আজ দুটি দুর্দান্ত গোল হয়েছে
ছবি: বাফুফে

মোহামেডান অধিনায়কের গোলটিতে বড় অবদান রেখেছেন তাদের মিডফিল্ডার শাহরিয়ার ইমন। নিজেদের রক্ষণভাগের ডান প্রান্ত থেকে প্রতিপক্ষ লেফটব্যাক কামরুলের পা থেকে বল কেড়ে নিয়ে ওপরে উঠে আক্রমণভাগে পৌঁছে দিয়াবাতের উদ্দেশে বাড়িয়ে দেন ইমন। বলের নিয়ন্ত্রণ নিয়ে গতিতে বক্সে ঢুকে ডান পায়ের বুলেট গতির শটে গোলটি করেছেন মালিয়ান স্ট্রাইকার।

ম্যাচে তুলনামূলক বলের দখলে এগিয়ে ছিল চট্টগ্রাম আবাহনী। কিন্তু তাদের আক্রমণগুলো মুখ থুবড়ে পড়ছিল মোহামেডানের দুই বিদেশি সেন্টারব্যাক জাসমিন ও অ্যারন জনের সামনে গিয়ে। দুই প্রান্ত থেকে ভেসে আসা ক্রসগুলো অনায়াসে হেডে বিপদমুক্ত করেছেন জাসমিন ও অ্যারন।

‘ওপেন প্লে’তে মাঝমাঠ দিয়েও ভাঙা যাচ্ছিল না মোহামেডানের রক্ষণভাগ। ব্যক্তিগত নৈপুণ্যই ছিল ভরসা। সেটি করেছেন লেফটব্যাক কামরুলই। ‘অলিম্পিক গোল’ করে সে দায় মোচন করেছেন কামরুল। কর্নার থেকে নেওয়া তাঁর বাঁ পায়ের শট সরাসরি চলে যায় পোস্টে। ১৯২৪ সালে আর্জেন্টিনা ও উরুগুয়ের মধ্যকার এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কর্নার থেকে গোল করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সিজার ওনজারি। এর পর থেকেই এমন গোল ‘অলিম্পিক গোল’ হিসেবে পরিচিত। ফুটবলে এমন গোল খুব একটা দেখা যায় না।

ম্যাচের শেষের দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন মোহামেডানের ডিফেন্ডার মাসুদ রানা। এ নিয়ে টানা দুই ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেন তিনি। এর আগে শেখ রাসেলের বিপক্ষেও দ্বিতীয় হলুদ কার্ড দেখেছিলেন। এক ম্যাচ নিষেধাজ্ঞা থেকে ফিরে আজ আবার দ্বিতীয় হলুদ কার্ড দেখলেন তিনি।

এই ড্রয়ে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে চট্টগ্রাম আবাহনী, সমানসংখ্যক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে ষষ্ঠ স্থানে মোহামেডান।