অলিম্পিক ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা কোন গ্রুপে?

‘অবিশ্বাস্য হইলেও সত্যি’, ব্রাজিল এখনো পর্যন্ত অলিম্পিক ফুটবল জেতেনি। এমন কোনো ট্রফি নেই ব্রাজিল জেতেনি। এক বিশ্বকাপই তো জিতেছে পাঁচবার। অথচ এই একটা মেডেল এখনো গলা পরা হয়নি। এবার এ নিয়ে আরও বেশি কথা হচ্ছে, ২০১৬ অলিম্পিক ব্রাজিলে বলেই। আর এর জন্য মরণপণ প্রস্তুতিই যেন নিচ্ছে সেলেসাওরা। গতকাল মারাকানা স্টেডিয়ামে বেশ সাড়ম্বরে যেমন ড্রও হয়ে গেল।
‘এ’ গ্রুপে স্বাগতিক ব্রাজিলের সঙ্গে পড়েছে দক্ষিণ আফ্রিকা, ইরাক ও ডেনমার্ক। ডি গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে আছে হন্ডুরাস, আলজেরিয়া ও পর্তুগাল। বি গ্রুপে সুইডেন, কলম্বিয়া, নাইজেরিয়া ও জাপান। সি গ্রুপে জার্মানি, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া ও ফিজি।
মোট ১৬টি দল অংশ নিচ্ছে। ফলে দ্বিতীয় রাউন্ডই কোয়ার্টার ফাইনাল। প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে। ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই কাজটা কঠিন হওয়ার কথা নয়। কোনো দলই অবশ্য এখনো স্কোয়াড ঘোষণা করেনি। অনূর্ধ্ব ২৩ দলকেই পাঠানো হয় অলিম্পিকে। তবে তিনজন সিনিয়র ফুটবলার খেলতে পারেন। ৪ থেকে ২০ আগস্ট হবে এই প্রতিযোগিতা।
টানা দুইবার অলিম্পিক ফুটবলে সোনা জিতেছে আর্জেন্টিনা। ২০০৪ ও ২০০৮ সালে। ব্রাজিল গতবার ফাইনালে গিয়েও পারেনি। মেক্সিকোর কাছে ২-১ গোলে হেরে তিন নম্বর রুপা নিয়েই ফিরতে হয়েছে। ১৯৮৪ ও ১৯৮৮ সালেও রুপা জিতেছিল তারা। ১৯৯৬ ও ২০০৮ অলিম্পিক ফুটবলে জিতেছিল ব্রোঞ্জ।