অলিম্পিকে খেলতে ব্যাকুল নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোকারের টেবিলে নেইমারের রহস্যময় হাসি। নিজের জন্য নয়, সাও পাওলোর এই পোকার টুর্নামেন্টে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কাল খেলছেন দাতব্য কাজে অর্থ সংগ্রহের জন্য l এএফপি
পোকারের টেবিলে নেইমারের রহস্যময় হাসি। নিজের জন্য নয়, সাও পাওলোর এই পোকার টুর্নামেন্টে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কাল খেলছেন দাতব্য কাজে অর্থ সংগ্রহের জন্য l এএফপি

জাতীয় দলের জার্সিতে বরাবরই উজ্জ্বল। ২০১০ সালে অভিষেকের পর এরই মধ্যে ৬৪ ম্যাচ খেলে গোল করে ফেলেছেন ৪৪টি। তারপরও যেন মন ভরছে না নেইমারের! ভরবে কী করে? এক কনফেডারেশনস কাপ ছাড়া ব্রাজিলের হয়ে যে এখনো জেতা হয়নি বড় কোনো শিরোপা। আক্ষেপ ঘোচাতে দৃঢ়প্রতিজ্ঞ ব্রাজিল অধিনায়ক উন্মুখ হয়ে আছেন আগামী বছরের অলিম্পিক ও শতবর্ষী কোপা আমেরিকায় খেলতে।
অলিম্পিক ফুটবলে সোনার আক্ষেপ শুধু নেইমার নয়, পুরো ব্রাজিলেরই। বিশ্ব ফুটবলের সব কটি শিরোপা জিতলেও এই একটি ট্রফি কখনো ছুঁয়ে দেখা হয়নি সেলেসাওদের। সমৃদ্ধ ট্রফি ক্যাবিনেট যেন পূর্ণতা পাচ্ছে না অলিম্পিক সোনার অভাবে।
কোপাতেও ব্রাজিলের সাফল্য ব্রাজিলসুলভ নয়। তারা জিতেছে আটবার, তবে উরুগুয়ে-আর্জেন্টিনা যে ১৫ ও ১৪টি শিরোপা নিয়ে অনেক এগিয়ে। কোপায় দুবার খেলে নেইমার ফিরেছেন কোয়ার্টার ফাইনালে।
আক্ষেপ ঘোচানোর সুযোগ অবশ্য আগামী বছরই পাবেন নেইমার। ব্রাজিলের রিও ডি জেনিরোতেই হচ্ছে ২০১৬ অলিম্পিক। আর কনমেবল প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার বিশেষ আয়োজনও আগামী বছর। সুবর্ণ সুযোগ দুটি তাই হাতছাড়া করতে নারাজ নেইমার।
তবে ঝামেলাটা বাধতে পারে ক্লাব বার্সেলোনার সঙ্গে। কোপায় খেলতে হয়তো সমস্যা হবে না। তবে রিও অলিম্পিকের সূচি (আগস্ট ৩-২০) ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতির সঙ্গে মিলে যাচ্ছে। বার্সা নিশ্চয়ই মৌসুমের শুরুতেই দলের অন্যতম সেরা অস্ত্রটিকে জাতীয় দলের দায়িত্ব শেষে ক্লান্ত অবস্থায় ফিরে পেতে চাইবে না। নেইমার নিজে অবশ্য কোনো বিরতি ছাড়াই ২০১৭-১৮ মৌসুম শুরু করার ঝুঁকি নিতে রাজি।
ব্রাজিল অধিনায়ক ঝামেলা এড়াতে এখনই তাঁর চাওয়াটা জানিয়ে রাখছেন। ব্রাজিলের গ্লোবো টিভিকে নেইমার বলেছেন, ‘আমি সত্যিই অলিম্পিক ও কোপায় খেলতে চাই। আমি ক্ষুধার্ত। এখনই জানিয়ে রাখছি, আমি দুটিতেই খেলতে চাই।’
২০০৮ সালে লিওনেল মেসির আর্জেন্টিনার হয়ে অলিম্পিকে খেলা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছিল। শেষ মুহূর্তে মেসির ইচ্ছাকে সম্মান জানিয়ে বার্সা তাঁকে অলিম্পিকে খেলার অনুমতি দিয়েছিল। সোনা জিতেই ফিরেছিলেন মেসি। নেইমারও নিশ্চয়ই এই সৌভাগ্যের পুনরাবৃত্তি চাইবেন। আইএএনএস।