অলিম্পিকে খেলবেন না অলিম্পিক-জয়ী মেসি

এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে তাঁর অর্জন একটিই—২০০৮ অলিম্পিক ফুটবলে সোনা। সেবার বেইজিংয়ে যেতে লিওনেল মেসিকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। বার্সেলোনা প্রথমে ছাড়তে না চাইলেও পরে আর্জেন্টাইন ফরোয়ার্ডের জেদের কাছে হার মেনেছিল।
দুয়ারে আরেকটি অলিম্পিক। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের মানুষের ফুটবল উচ্ছ্বাস দেখে এবারের রিও অলিম্পিকেও খেলতে চেয়েছিলেন মেসি। কিন্তু আর্জেন্টাইন তারকার ইচ্ছেটা পূর্ণ হচ্ছে না। নাহ, এবার আর ক্লাব বার্সেলোনার দিক থেকে কোনো আপত্তি নয়, মেসিকে দলে নিচ্ছেন না খোদ আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনোই। চোটের আশঙ্কা ও জাতীয় দলের অন্য গুরুত্বপূর্ণ ‘অ্যাসাইনমেন্ট’ বিবেচনা করে অনূর্ধ্ব-২৩ দলের এই অলিম্পিক টুর্নামেন্টে মেসিকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্টিনো।
সংশয়টা অবশ্য আগেই ছিল। গত মাসেই এমন আভাস দিয়ে রেখেছিলেন আর্জেন্টাইন কোচ। জানিয়ে দিয়েছিলেন, কোপা নয়তো অলিম্পিক—যেকোনো একটিতে খেলবেন মেসি। এবার ঘোষণা এল, মেসি কোপাতেই খেলবেন।
মূলত অনূর্ধ্ব-২৩ দল হলেও অলিম্পিকে দলে তিনজন ‘সিনিয়র’ খেলোয়াড় নেওয়া যায়। সেই তিনের একজন মেসি হবেন, এটা যেকোনো কোচই চাইবেন। কিন্তু আর্জেন্টিনা অধিনায়ককে নিয়ে মার্টিনোর পরিকল্পনা ভিন্ন। একে তো বার্সেলোনার হয়ে বছরে ৫০টিরও বেশি ম্যাচ খেলছেন মেসি, সঙ্গে এবার আছে শতবর্ষপূর্তির বিশেষ কোপা আমেরিকাও। গতবার ফাইনালে উঠেও টাইব্রেকারে হেরেছিল আর্জেন্টিনা। ১৯৯৩ সালের পর আবার শিরোপাটি জিততে মরিয়া আলবিসেলেস্তেরা এবার তাই আটঘাট বেঁধেই নামবে। মেসিকে তাই সেখানে বেশি প্রয়োজন। ৩-২৬ জুন বসবে এবার কোপার বিশেষ আসর।
বিশ্বকাপ বাছাইপর্বেও কয়েকটি ম্যাচ আছে, যেখানে ভালো ফল পাওয়াটা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। চোটের কারণে মেসিকে ছাড়া আর্জেন্টিনার শুরুটা যে হয়েছে জঘন্য। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে ১০ দলের মধ্যে ছয়ে আছে আর্জেন্টিনা। তার ওপর অলিম্পিকটা হবে জুলাই-আগস্টে, যে সময়ে পরের মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত থাকবে বার্সেলোনা।
সব মিলিয়ে মার্টিনোকে তাই বাধ্য হয়েই অলিম্পিক-জয়ী মেসিকে এবারের অলিম্পিকের বাইরে রাখতে হচ্ছে। রেডিও লা রেডকে আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘মেসি অলিম্পিকে যাবে না। কারণ এবার জাতীয় দলের অনেক টুর্নামেন্টে খেলতে হবে। কোপা আমেরিকা আছে, অলিম্পিক আছে, এরপর বিশ্বকাপ বাছাইয়ে কয়েকটি ম্যাচ আছে।’
তবে এর মানে এই নয় যে, অলিম্পিককে হালকাভাবে দেখছেন মার্টিনো! বরং খেলোয়াড়দের কথাই ভাবছেন তিনি, ‘অবশ্যই অলিম্পিক জিততে চাই, তবে চড়া মূল্য দিয়ে নয়। খেলোয়াড়দের মেরে ফেলার জন্য মাঠে নামিয়ে দিতে পারি না। এমনিতেই বার্সেলোনায় অনেক লম্বা একটা মৌসুম পার করতে হচ্ছে ওকে (মেসি)।’