অলিম্পিকে থাকতে পারছেন না মেসি

বিশ্বকাপ পাননি, কোপা আমেরিকাও অধরা থেকে গেছে। লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায় মানে যেন শুধুই বেদনার বালুচর! যা একটু সুখস্মৃতি, সেটা শুধু অলিম্পিকেই। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে সোনা জিতেছিলেন। অথচ এবার সেই অলিম্পিকেই থাকছেন না মেসি। সেটার জন্য আক্ষেপও হচ্ছে মেসির।
জুনে কোপা আমেরিকা আর আগস্টে অলিম্পিক—যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ ছিল মেসির সামনে। শেষ পর্যন্ত কোপাতেই খেলার সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার হতাশা তো সহজে ভোলার নয়। এবার মেসি সেই আফসোসটাই রাখতে চান না।
কোপাতে খেলার জন্যই রিও অলিম্পিকে থাকা হচ্ছে না মেসির। কিন্তু বার্সেলোনা ফরোয়ার্ডের আক্ষেপ হচ্ছে, ‘২০০৮ অলিম্পিকে খেলা আমার জন্য দারুণ একটা অভিজ্ঞতা ছিল। যেমন ২০০৫ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলাটাও ছিল।’ অলিম্পিকের বৈশ্বিক আঁচটাই মেসির মনে দাগ কেটে আছে, ‘অলিম্পিক ভিলেজে থাকা দারুণ একটা অভিজ্ঞতা ছিল। অন্য সব অ্যাথলেটের সঙ্গে দেখা করা, কথা বলা...সেখানে আমি আর দশজন সাধারণ অ্যাথলেটের মতোই ছিলাম, তারকা-টারকা কেউ না। শুধু জিতেছি বলে নয়, আমরা যে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি সেটার জন্যও। বিশ্বকাপ দারুণ, কিন্তু অলিম্পিকও বিশেষ কিছু।’
কোপা জিতলে হয়তো সেই আক্ষেপ থাকবে না। মেসিও সেদিকে তাকিয়ে আছেন, ‘এটা নতুন একটা কোপা, ভিন্ন। এবার খেলা হবে যুক্তরাষ্ট্রে। দর্শক, আবহ সবকিছু মিলে এবারের আসর হবে অন্য রকম। আমাদের জন্য এটা বড় একটা সুযোগও।’
সেটা কি মেসিরা নিতে পারবেন?