অলৌকিক আশায় বায়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনার সঙ্গে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পেপ গার্দিওলা, সংকটে থাকা বায়ার্ন মিউনিখের প্রতীকই যেন তাদের কোচের এই চিন্তাক্লিষ্ট ছবি l এএফপি
বার্সেলোনার সঙ্গে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পেপ গার্দিওলা, সংকটে থাকা বায়ার্ন মিউনিখের প্রতীকই যেন তাদের কোচের এই চিন্তাক্লিষ্ট ছবি l এএফপি

একদিক দিয়ে লড়াইটা একরকম শেষই। প্রথম লেগে ৩-০ গোলে জেতার পর বার্সেলোনা তো ফাইনালেই এক পা দিয়ে ফেলেছে। নিজেদের সাম্প্রতিক ফর্ম ও বিরুদ্ধ ইতিহাস বলছে, আজ সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নের কাজটা আদতে অসম্ভবেরই কাছাকাছি।

বায়ার্নের দুর্দশা
এমন একটা ম্যাচের আগে বায়ার্নের ভালো একটা প্রস্তুতি দরকার ছিল। অথচ আলিয়াঞ্জ অ্যারেনায় আজ বায়ার্ন নামবে আত্মবিশ্বাস তলানিতে নিয়েই। ফর্মটা একদমই ভালো যাচ্ছে না জার্মান চ্যাম্পিয়নদের। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ চারটি ম্যাচই হেরেছে, ১৯৯১ সালের পর এটাই সবচেয়ে বেশি টানা হার তাদের। আজ গোলটাও খুব করে দরকার বায়ার্নের। গত তিন ম্যাচেই কোনো গোল পায়নি, বায়ার্নের গত ১৫ বছরের ইতিহাসে এমন ঘটনা নেই।

বিরুদ্ধ ইতিহাস
নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগের গত দুই ম্যাচ অনুপ্রাণিত করবে বায়ার্নকে। শাখতারকে ৭-০ ও পোর্তোকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছিল বায়ার্ন। তবে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের আগের ইতিহাস একদমই আশা দেখাচ্ছে না মুলারদের। সেমিফাইনালে ৩ গোলের ব্যবধান এখন পর্যন্ত যেকোনো ক্লাবই ঘোচাতে পারেনি! তবে বায়ার্ন যদি প্রেরণা নিতে চায়, তাহলে দেপোর্তিভো-মোনাকোর কাছ থেকে নিতে পারে। ২০০৩-০৪ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে প্রথম লেগে এসি মিলানের কাছে ৪-১ গোলে হেরেছিল দেপোর্তিভো। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় লেগ জেতে ৪-০ গোলে। মোনাকোও রিয়াল মাদ্রিদের কাছে ৪-২ গোলে হেরে আসার পর ফিরতি লেগ জিতেছে ৩-১ গোলে (দুই লেগ মিলে ৫-৫)

বার্সার রক্ষণদুর্গ

যে রক্ষণটা হওয়ার কথা ছিল বার্সেলোনার ‘একিলিস হিল’, সেটাই এখন বার্সেলোনার বড় ভরসার জায়গা। রক্ষণের খোলনলচে যেন দারুণভাবে বদলে দিয়েছেন লুইস এনরিকে। গত ৭ ম্যাচে কোনো গোল হজম করেনি বার্সা, পিকে-মাচেরানোরা খেলছেন দুর্দান্ত।

এবং এমএসএন

বার্সেলোনার হয়ে এক মৌসুমে ত্রয়ী হিসেবে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন আগেই। মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ীই আজ বায়ার্নের সবচেয়ে বড় মাথাব্যথার নাম। আগের লেগে নেইমারের সঙ্গে মেসির জোড়া গোলই তো বায়ার্নের সব আশা ভেঙে দিয়েছিল। পেপ গার্দিওলা অবশ্য হাল ছাড়ছেন না, ‘এখনো স্বপ্নটা বেঁচে আছে। আমাদের আরও ৯০ মিনিট খেলতে হবে। কাজটা সহজ হবে না, তবে আমি একজন যোদ্ধা।’

আশার নাম স্পেন

একদিক দিয়ে স্প্যানিশ ক্লাবগুলোর সঙ্গে বায়ার্নের দ্বৈরথই আবার আশা দেখাচ্ছে। এ পর্যন্ত স্প্যানিশ দলগুলোর সঙ্গে সাতবার ইউরোপিয়ান প্রতিযোগিতার সেমিফাইনালে খেলেছে বায়ার্ন, জিতেছে এর পাঁচটিতেই। তিন মৌসুম আগে বার্সেলোনাকে তো নিজেদের মাঠেই হারিয়েছিল ৪-০ গোলে। আবার উল্টো পিঠে গতবার রিয়ালের কাছে হেরে যাওয়ার স্মৃতিটাও টাটকা। সূত্র: এএফপি, রয়টার্স, উয়েফাডটকম।

.
.