অলৌকিকের আশায় বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলৌকিক কিছু ঘটতে হলে জ্বলে উঠতে হবে বার্সেলোনা তারকাদের। সেই প্রস্তুতিই নিচ্ছেন মেসি-নেইমাররা l এএফপি
অলৌকিক কিছু ঘটতে হলে জ্বলে উঠতে হবে বার্সেলোনা তারকাদের। সেই প্রস্তুতিই নিচ্ছেন মেসি-নেইমাররা l এএফপি

ন্যু ক্যাম্পের আকাশে-বাতাসে ফিসফিসানি, চাপা স্বরে একটাই জল্পনা—‘হতেও তো পারে অলৌকিক কিছু।’

‘অলৌকিক’ শব্দটা এমনিতেই খেলাধুলার সঙ্গে খুব একটা যায় না, ফুটবলের সঙ্গে তো আরও নয়। কিন্তু সপ্তাহ তিনেক আগে হয়ে যাওয়া চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ বার্সেলোনাকে এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, এই শব্দটায় বিশ্বাস না করে এখন আর উপায় নেই ওদের।

পিএসজির কাছে ওই ম্যাচে ৪-০ গোলে হেরে এসেছে বার্সেলোনা। ইতিহাস বলছে, চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্রথম লেগ চার বা এর বেশি গোলের ব্যবধানে হেরে কোনো দল কখনো ঘুরে দাঁড়াতে পারেনি। আর পারেনি বলেই, এটা কখনো ঘটে গেলে সেটা অলৌকিক কিছু হবে।

একই সঙ্গে এটাও তো সত্যি—অতীতে কোনো দল পারেনি বলে ভবিষ্যতেও পারবে না, তা নয়। একা লিওনেল মেসি গত এক যুগে বার্সেলোনার জার্সি গায়ে কত অবিশ্বাস্য গল্পের জন্ম দিয়েছেন। সেই মেসির সঙ্গে আছেন নেইমার। সঙ্গে আছেন লুইস সুয়ারেজও।

এমনকি বার্সা কোচ লুইস এনরিকেও বলছেন, ‘আমাদের সব তারা একসঙ্গে জ্বলে উঠলে ঘুরে দাঁড়ানো খুবই সম্ভব।’ সুয়ারেজ বলছেন, ‘আমরা যদি বার্নাব্যুতে গিয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চার গোল করে আসতে পারি, নিজের মাঠে পিএসজির বিপক্ষে কেন পারব না!’ তিন সপ্তাহ ধরে শুধু ‘বার্সেলোনা অলৌকিক কোনো প্রত্যাবর্তনের গল্প লিখতে পারবে কি না’-এই বিষয়ে এত কথাবার্তা হচ্ছে যে একই রাতে যে বেনফিকা আর ডর্টমুন্ডের মধ্যেও একটা ম্যাচ আছে, সেটা ভুলতে বসেছেন অনেকে।

একই কথা বারবার শুনলে একঘেয়েমি চলে আসার কথা। কিন্তু সত্যিটা হচ্ছে, পিএসজির কেউ কিন্তু বার্সেলোনার সম্ভাব্য প্রত্যাবর্তনের কথা শুনে বিরক্ত হচ্ছেন না। বরং তাঁরাও প্রতিপক্ষকে সম্মান করছেন। আজ ফিরতি লেগের ম্যাচ সামনে রেখে পিএসজি কোচ উনাই এমরেই যেমন বলেছেন, ‘অবশ্যই ন্যু ক্যাম্পে বার্সেলোনা ভয়ংকর রূপে দেখা দেবে।’ তাঁর উইঙ্গার জুলিয়ান ড্রেক্সলারও কোচের সঙ্গে সুর মিলিয়েছেন, ‘অনেক দলই ন্যু ক্যাম্প থেকে ৫-০ গোলে হেরে গেছে। আমরাও জানি, যেকোনো কিছুই সম্ভব।’

‘যেকোনো কিছু সম্ভব’ বলেই পিএসজির মতো সতর্ক থাকতে হবে বার্সেলোনাকেও। ২০১২-১৩ মৌসুমের সেমিফাইনালেই তো প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে আলিয়াঞ্জ অ্যারেনায় ৪-০ গোলে হেরে আসার পর ন্যু ক্যাম্পে ফিরতে লেগেও হেরেছিল ৩-০ গোলে! অলৌকিক কিছু ঘটানোর এই কথাবার্তাগুলো তখন অবশ্য বেশ হাস্যকর লাগবে। সেটা জানেন বলেই বোধ হয় এত কথার পরে এনরিকে পাদটীকা দিয়ে রাখলেন, ‘কাজটা যে কতটা কঠিন, আশাটা যে কতটা বাড়াবাড়ি, তা তো আমরা জানিই। আমরা তো আর গর্দভ নই।’

ন্যু ক্যাম্পের আকাশে-বাতাসে তবু ফিসফিসানি, চাপা স্বরে কী সব জল্পনা-কল্পনা! এএফপি।