অসম্ভবের সামনে আর্সেনাল
ম্যাচের ভাগ্যটা এক অর্থে আগেই নির্ধারিত হয়ে গেছে। লন্ডনে গিয়ে আগের লেগ ২-০ গোলে জিতে এসেছিল বার্সেলোনা, আর্সেনালকে আজ ন্যু ক্যাম্পে জিততে হলে অন্তত তিন গোল দিতে হবে। আর্সেন ওয়েঙ্গার আগের লেগ শেষেই সেটা অসম্ভব মেনে নিয়েছিলেন। এই সপ্তাহে গেটাফেকে ৬ গোল দিয়ে বার্সেলোনা বার্তা দিয়ে রেখেছে, কাজটা আসলে অসম্ভবের চেয়েও বেশি কিছু।
কিন্তু দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে, আর্সেনালকে তো একটা চেষ্টা করতেই হবে। দলের ডিফেন্ডার পার মেরটাসেকারও জানিয়েছেন, ‘আক্রমণ করা ছাড়া আমাদের উপায় নেই। এটাই আমাদের একমাত্র সম্ভাবনা।’
তবে দিনের অন্য ম্যাচটাই বেশি রোমাঞ্চ ছড়ানোর কথা। আগের লেগে বায়ার্ন ২-০ গোলে এগিয়ে থাকার পর জুভেন্টাস দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-২ গোলে ড্র করেছিল। আজ নিজেদের মাঠে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অবশ্য বায়ার্ন একটু এগিয়েই থাকবে। নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগে এই মৌসুমের গ্রুপ পর্বে তিন ম্যাচে ১৪টি গোল করেছে বায়ার্ন। এই সপ্তাহেই ব্রেমেনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে জানান দিয়ে রেখেছে, জুভেন্টাসের সামনে কঠিন সময়ই অপেক্ষা করছে।
সিরি ‘আ’-তে দুর্দান্ত ফর্মে চ্যাম্পিয়ন জুভেন্টাসও। বায়ার্ন কোচ পেপ গার্দিওলার সতর্ক উচ্চারণ, ‘আমরা ইউরোপের সেরা দলগুলোর একটির সঙ্গে খেলছি। ম্যাচটা কঠিন ও অস্বস্তিকর হতে পারে।’ এএফপি, রয়টার্স।