অসম্ভবের স্বপ্ন সিমিওনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিয়েগো সিমিওনেকে নিজেদের শুভেচ্ছাদূত করে নিলেই পারে অ্যাডিডাস! যেভাবে জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক কোম্পানিটির স্লোগানের সুরটা ছড়িয়ে যাচ্ছেন অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ!
অ্যাডিডাসের স্লোগান, ‘ইম্পসিবল ইজ নাথিং’। সিমিওনেও মন্ত্র জপছেন একই সুরে—কিছুই অসম্ভব নয়! সান্তিয়াগো বার্নাব্যুতে সেমিফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে তাঁর দল হেরে আসার পরপরই সংবাদ সম্মেলনে প্রথম বলেছিলেন কথাটা। এরপর থেকে বলেই যাচ্ছেন।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যেতে ভিসেন্তে ক্যালদেরনে আজ রিয়াল মাদ্রিদের বিপক্ষে অসম্ভবকেই সম্ভব করতে হবে অ্যাটলেটিকোকে। মনেপ্রাণে কতটা বিশ্বাস করেন সিমিওনে, তা তিনিই ভালো জানেন। তবে আর্জেন্টাইন কোচ মন্ত্রটা জপেই যাচ্ছেন! জপেই যাচ্ছেন!
এ ছাড়া আর উপায়ও-বা কী! ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে প্রথম লেগে উড়ে গেছে দল। আজ ঘরের মাঠে অ্যাটলেটিকো ৩–০ গোলে জিতলে ম্যাচ যাবে অতিরিক্ত সময়ে। আর রিয়াল কোনো গোল করতে পারুক বা না পারুক, ফাইনালের টিকিট নিশ্চিত করতে অ্যাটলেটিকোকে জিততে হবে চার গোলের ব্যবধানে।
বারবার ‘অসম্ভব’ ‘অসম্ভব’ শব্দটা আসার কারণ আছে। এক. চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে দুই গোলের ব্যবধান ঘুচিয়েই কোনো দল কখনো জিততে পারেনি। দুই. সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা ৬০ ম্যাচে গোল পেয়েছে রিয়াল। আর তৃতীয় কারণটা অ্যাটলেটিকোর জন্য সবচেয়ে উদ্বেগের—রিয়াল এই মৌসুমে এক গোলের বেশি ব্যবধানে কোনো ম্যাচে হারেনি।
রেকর্ড রিয়ালের পক্ষে। আর অ্যাটলেটিকোর আছে বিশ্বাস। যে বিশ্বাসের রেণু প্রথম লেগের পর থেকেই খেলোয়াড়-সমর্থকদের মনে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন সিমিওনে। শনিবার লিগে এইবারের বিপক্ষে ম্যাচের পরও বলেছেন, ‘অনেকের জন্য এটা (তিন গোলের ব্যবধান ঘোচানো) অসম্ভব, তবে আমাদের জন্য নয়। বিশ্বসেরা দলটির মুখোমুখি হচ্ছি আমরা, যারা কিনা প্রতি ম্যাচেই গোল করে। তবে আমরা পারব। এ নিয়ে আমার কোনো সংশয় নেই। যদি থাকত, তাহলে এমনটা বলতাম না।’
সিমিওনের মন্ত্রে কাজও হয়েছে। অ্যাটলেটিকো অধিনায়ক গাবিও যেমন স্বপ্ন দেখছেন অসম্ভবকে সম্ভব করার। কারণ হিসেবে যথারীতি শেষ ষোলোতে প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে নেইমার-মেসিদের ওই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের কথা মনে করিয়ে দিচ্ছেন তিনি, ‘অবশ্যই এটা সম্ভব। বার্সেলোনাকেই দেখুন, ওদের কাজটা তো আরও কঠিন ছিল (প্রথম লেগে ৪-০ গোলে হেরেছিল বার্সেলোনা)। আমরা জয়ের জন্যই লড়ব, আর যদি না পারি, অন্তত মাথা উঁচু করেই বিদায় নেব।’
অ্যাটলেটিকোর আরেকটি প্রেরণাও আছে। নতুন মাঠে যাওয়ার আগে ৫১ বছর ধরে অ্যাটলেটিকোর নামের সঙ্গে জড়িয়ে থাকা ক্যালদেরন স্টেডিয়ামে শেষ ইউরোপিয়ান ম্যাচ এটি। শেষটা নিশ্চয়ই রাঙিয়ে রাখতে চাইবেন গাবিরা।
কিন্তু এসবে কি আদৌ কোনো কাজ হবে? লিগে সর্বশেষ আট ম্যাচে অ্যাটলেটিকোর বিপক্ষে মাত্র একটি জয় রিয়ালের, তবে চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকো কোনো বাধাই নয় রিয়ালের জন্য। গত তিন বছরই রিয়ালের কাছে হেরেই বাদ পড়তে হয়েছে তাদের। দুবার ফাইনালে, একবার কোয়ার্টার ফাইনালে। এ জন্যই কিনা, রিয়াল উইঙ্গার লুকাস ভাসকেজ অবলীলায় বলে দিলেন, ‘ওদের বিপক্ষে প্রতিটি ম্যাচই কঠিন, তবে আমরা জানি, ওদের কীভাবে হারাতে হয়।’ আরেকটা বড় প্রেরণা তো রিয়ালের আছেই। ৩ জুন কার্ডিফের ফাইনাল যে একটা অনন্য কীর্তির দ্বার খুলে দেবে। চ্যাম্পিয়নস লিগ যুগে প্রথম দল হিসেবে টানা দুবার শিরোপা জয়। এত দিন যা অসম্ভব বলেই প্রমাণিত হয়ে এসেছে।
মাত্র দুই ধাপ দূরে দাঁড়িয়ে জিনেদিন জিদানও ভাবতেই পারেন, কিছুই অসম্ভব নয়! উয়েফা, এএফপি, রয়টার্স, মার্কা।