অসহিষ্ণু গ্যালারি, মেসির রণমূর্তি
লিওনেল মেসিকে কখনো রাগতে দেখেছেন? মেজাজ হারিয়ে অশ্রাব্য কথা বলতে দেখেছেন? পরশু ভ্যালেন্সিয়ার সঙ্গে ম্যাচ দেখলে মেসির এই অন্য মূর্তিও দেখা হয়ে গেছে। শেষ মুহূর্তের গোলে পেনাল্টি থেকে গোল করে মেসি জয় এনে দিয়েছেন বার্সেলোনাকে। অথচ তার বদলে মেসি ওই সময় কী বলেছিলেন, তা নিয়েই এখন তুমুল আলোচনা।
ঘটনাটা ম্যাচের ৯০ মিনিটের পর যোগ করা সময়ে। ম্যাচ যখন ২-২ গোলে সমতায়, পেনাল্টি থেকে গোল করে দলকে জিতিয়েছেন মেসি। জয়সূচক ওই গোলের উদ্যাপন করতে গিয়ে পার্শ্বরেখার কাছে চলে গিয়েছিলেন। হঠাৎ মেস্তায়ার কারভা নর্দ গ্যালারি থেকে একটা বোতল উড়ে এসে লাগল নেইমারের মাথায়। বার্সার ফরোয়ার্ড সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান। সুয়ারেজেরও একই দশা, তবে বোতল না অন্য কিছু তাঁর গায়ে লেগেছে বোঝা যায়নি। কিন্তু মেসি তখন রণমূর্তিতে। চিৎকার করে ভ্যালেন্সিয়া সমর্থকদের কী যেন বললেন। পরে জানা গেছে, তার অনেক কিছুই ছাপার অযোগ্য।
ম্যাচ শেষে অবশ্য এ ঘটনা নিয়ে কেউই মুখ খোলেননি। লুইস এনরিকে শুধু বললেন, ‘ওরা আমাদের কাজটা খুবই কঠিন করে তুলেছিল। এই কঠিন ম্যাচ জয়ের উদ্যাপন যেমন হওয়ার কথা আমরা তেমনই করেছি।’ ভ্যালেন্সিয়া কোচ সিজারে প্রানদেল্লির দাবি, ঘটনাটি তিনি দেখেননি।
তবে বিতর্কের আঁচ লেগেছে এর আগেও। এই মৌসুমেই ভ্যালেন্সিয়া থেকে বার্সায় এসেছেন পাকো আলকাসার। পরশু অবশ্য মাঠে নামার সুযোগ পাননি। তবে বেঞ্চে বসেই দুয়ো শুনতে হয়েছে এই স্ট্রাইকারকে। এখানেই শেষ হলে কথা ছিল, কিন্তু আলকাসারকে ব্যাগভর্তি সূর্যমুখী বীজ ছুড়ে মারা হয়েছে গ্যালারি থেকে। বার্সা স্ট্রাইকার তাতে আহত হননি, তবে পুরোনো ক্লাবে এমন ‘অভ্যর্থনা’ নিশ্চয়ই ভালো লাগেনি।
এনরিকে এসব নিয়ে মাথা ঘামাতে চান না। এমন একটা জয়ের আনন্দই তো ঠিকমতো উদ্যাপন করতে পারছেন না তিনি। প্রথমার্ধেই ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার এনজো পেরেজের কড়া ট্যাকলে চোট পেয়ে মাঠ ছেড়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। তখনই বোঝা গেছে চোটটা গুরুতর হতে পারে। তবে পেরেজকে বিস্ময়করভাবে কোনো কার্ড দেখতে হয়নি। পরে এনরিকে বড় দুঃসংবাদই পেয়েছেন, হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় ৬-৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়েছে ইনিয়েস্তাকে।
তবে সিজারে প্রানদেল্লি পরাজয়টা মানতে পারছেন না। রেফারির দিকে আঙুল তুলেছেন ভ্যালেন্সিয়ার ইতালিয়ান কোচ, ‘আমার মনে হয়, রেফারিরা মাঝেমধ্যে বড় দলগুলোকে বেশিই সম্মান দেখিয়ে ফেলেন। আমি নিশ্চিত, রেফারি পরে এই ম্যাচটা দেখলে লজ্জা পাবেন।’ ইএসপিএন, মার্কা, এএস।