অসাধারণ এই ভিডিওচিত্রটি দেখুন

>২২ এপ্রিল ঢাকায় শুরু হবে অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশসহ ৬টি দেশ অংশ নেবে এতে। আজ প্রকাশিত হয়েছে টুর্নামেন্টের থিম ভিডিও। ভিডিওটি দেখে মুগ্ধ সবাই
ঘনিয়ে আসছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ২২ এপ্রিল টুর্নামেন্টের উৎসবের ঢোলে বাড়ি পড়ার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আজ উন্মোচন করা হলো টুর্নামেন্টের থিম ভিডিও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। ভিডিওতে রবীন্দ্রসংগীতশিল্পী নিজেও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে দুই মিনিটের থিম ভিডিওর বর্ণনাও দিয়েছেন রেজওয়ানা। অভাব-অনটন ও সামাজিক বাধা পেরিয়ে ফুটবলে মেয়েদের এগিয়ে যাওয়ার অদম্য লড়াই ফুটে উঠেছে গুণী এই সংগীতশিল্পীর কণ্ঠে। যাঁর নামে টুর্নামেন্ট, বাঙালির স্বাধিকার আন্দোলনে নেপথ্যে থাকা ভরসাস্থল শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকাও বর্ণনা করা হয়েছে সংক্ষিপ্ত ভিডিওতে।
ভিডিও প্রকাশ অনুষ্ঠানে মেয়েদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন রেজওয়ানা, ‘টুর্নামেন্টটি মেয়েদের জেগে ওঠার মঞ্চ, যারা টুর্নামেন্ট খেলবে, দেশের কোটি কোটি মেয়েকে অনুপ্রাণিত করবে। ফুটবল শুধু খেলাই নয়, এটা হবে প্রতিবাদ জানানোর ক্ষেত্রও।’
প্রথমবারের মতো ফুটবলের সঙ্গে যুক্ত হয়েছেন রেজওয়ানা। মেয়েদের ফুটবল তাঁকে কতটা অনুপ্রাণিত করেছে, সেটিও বলেন, ‘এটা আমার নতুন এক অভিজ্ঞতা। আমি যখন কাজটুকু করেছি, নিজেও অনুপ্রাণিত হয়েছি। আমাদের মেয়েরা মাঠে ফুটবল খেলে দেখিয়ে দিচ্ছে, তারা পারে। তারাও শিকল ভাঙতে পারে, প্রতিবন্ধকতা জয় করতে পারে।’
এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে মঙ্গোলিয়া, তাজিকিস্তান, লাওস, সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তানের অনূর্ধ্ব-১৯ নারী জাতীয় ফুটবল দল। ফাইনাল হবে আগামী ৩ মে।
দেখতে পারেন থিম ভিডিওটি