অস্ট্রিয়ার চেয়ে বেলজিয়াম বা পর্তুগালের সঙ্গে খেলা সহজ

শেষ পর্যস্ত মানচিনির ট্যাকটিকসেই জিতেছে ইতালি।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ষোলোতে গতকাল অস্ট্রিয়ার বিপক্ষে নামার আগে ইতালিকে নিয়ে আলোচনা ছিল, ইতালি না আবার অস্ট্রিয়ার ওপর থেকে মনোযোগ সরিয়ে বেলজিয়াম কিংবা পর্তুগালের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল নিয়ে ভাবতে শুরু করে দেয়। অস্ট্রিয়া শেষ ষোলোতে ইতালির বড় পরীক্ষা নিতে পারবে না, তার চেয়ে বেলজিয়াম কিংবা পর্তুগালের বিপক্ষে শেষ আটের ম্যাচটিই বরং ‘বক্স অফিস হিট’, তাই সময়ের আগেই সেদিকে ইতালির মনোযোগ সরে যেতে পারে ভেবে এই শঙ্কা ছিল ইতালি–সমর্থকদের।

শেষ পর্যন্ত বহু কষ্টে অস্ট্রিয়ার বিপক্ষে কাল জিতেছে ইতালি। ওয়েম্বলিতে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে রবার্তো মানচিনির দল। সেখানে ইতালির সঙ্গে লড়াই হবে আজ বেলজিয়াম-পর্তুগাল ম্যাচে জয়ী দলের। কিন্তু শেষ আটে ওঠার পর ইতালি কোচ মানচিনি এখন বলছেন, কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচের চেয়ে অস্ট্রিয়ার ম্যাচটাই হয়তো বেশি কঠিন ছিল‍!

‘জানতাম ম্যাচটা কঠিন হবে। হয়তো কোয়ার্টার ফাইনালের চেয়েও কঠিন। মাঝেমধ্যে ম্যাচে সব হিসাব উল্টোপাল্টা হয়ে যেতে পারে, তবে আমরা ভালো খেলেছি। জয়টা আমাদের প্রাপ্য ছিল’—ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন মানচিনি।

মানচিনিকে বিমুখ করেননি তাঁর পছন্দের বদলিরা।
ছবি: রয়টার্স

ধারে-ভারে ইতালির সঙ্গে অস্ট্রিয়ার তুলনা চলে না। ১৯৬০-এর পর ইতালিকে কখনো হারাতে পারেনি অস্ট্রিয়ানরা। তারওপর ইতালি গ্রুপ পর্বে বুঝিয়েছে, তারা এবারের ইউরোর সবচেয়ে বড় ফেবারিট দলগুলোর একটি। কিন্তু ওয়েম্বলিতে কাল সেই ইতালিরই কঠিন পরীক্ষা নিল অস্ট্রিয়া। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ছিল গোলশূন্য, এর মধ্যে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে অস্ট্রিয়ার মার্কো আর্নাউতোভিচের একটা গোল বাতিল হয়েছে মিলিমিটার ব্যবধানের অফসাইডে।

ওদিকে নির্ধারিত সময়ে ইতালি গ্রুপ পর্বের ইতালি হয়ে দেখা দিতে পারেনি। বারবার অস্ট্রিয়া বক্সের সামনে গিয়ে খেই হারিয়েছে ইতালির আক্রমণ। বল কেড়ে নিতে অস্ট্রিয়ার তেড়েফুঁড়ে ওঠা প্রেসিংয়ের সামনে কিছুটা খাবিই খেয়েছে ইতালি!

তবু মানচিনির মনে হচ্ছে, জয়টা ইতালিরই প্রাপ্য ছিল, ‘একেবারে মনের কথা বললে আমরা আরও অনেক আগেই অন্তত দুটি গোল করতে পারতাম, ম্যাচটা অতিরিক্ত সময়ে যাওয়ারই কথা ছিল না। এরপর ম্যাচ যত গড়িয়েছে, তত বেশি ক্লান্ত হয়ে গিয়েছি আমরা। তবে জয়টা আমাদেরই প্রাপ্য ছিল।’

১১৪ মিনিটে অস্ট্রিয়ার সাসা কালাইদিচ গোল করে স্কোরলাইন ২-১ করেছিলেন, ম্যাচ জমিয়ে দেওয়ার সম্ভাবনাও জাগিয়েছিলেন। কালাইদিচের গোলটাতে থেমে গেল ইতালির টানা ১১ ম্যাচে গোল না খাওয়ার দৌড়। তবে এভাবে গোল খাওয়াতেও ভালো দিকটা খুঁজে নিয়েছেন ইতালি কোচ মানচিনি, ‘শেষ পর্যন্ত আমরা জিততে পেরেছি, কারণ জয়টা আমাদের প্রাপ্য ছিল। যদিও কর্নার থেকে একটা গোল খেয়েছি আমরা। একটা না একটা সময় তো গোল খেতেই হতো।’

এমন উচ্ছ্বাস তো দেখাবেনই মানচিনি।
ছবি: রয়টার্স

অস্ট্রিয়ার ওই গোলের আগেই ইতালিকে স্বস্তি এনে দেয় অতিরিক্ত সময়ের প্রথমার্ধে পাওয়া দুই গোল। ৯৫ থেকে ১০৫—এই ১১ মিনিটে গোল করেন ইতালির দুই বদলি নামা খেলোয়াড় ফেদেরিকো কিয়েসা ও মাত্তেও পেসিনা। নিজের বদলি নামানো খেলোয়াড়দের পারফরম্যান্সে তাই মানচিনি খুশি, ‘বেঞ্চ থেকে যে খেলোয়াড়েরা নেমেছে, ওরা সবাই-ই দারুণ মনোভাব নিয়ে নেমেছে মাঠে, নেমেই ম্যাচের ফল বদলে দেওয়ার মতো মানসিকতা নিয়ে খেলেছে। যারা বদলি হয়ে নেমেছে, তারা অসাধারণ খেলেছে। যাদের বদলি হয়ে ওরা নেমেছে, তারাও নিজেদের সবকিছু দিয়ে এসেছে মাঠে।’

নকআউট পর্বের প্রথম ম্যাচে এমন পরীক্ষার মুখে পড়া দলের জন্য ভালো হয়েছে বলেই মনে হচ্ছে মানচিনির, ‘এই পরীক্ষাটা আমাদের সাহায্য করবে। আমরা মানসিকভাবে কতটা শক্ত, সেটা দেখা হলো। ওয়েম্বলিতে (ইউরোর ফাইনালে) আসতে হলে এর আগে আরও তিনটা ম্যাচ আছে আমাদের।’

গোটা ম্যাচেই নতুন কিছু না কিছু ভেবেছেন মানচিনি
ছবি: রয়টার্স

সেই তিন ম্যাচের প্রথমটি তো কোয়ার্টার ফাইনাল, যেখানে ইতালির প্রতিপক্ষ হবে আজকের দ্বিতীয় ম্যাচে জয়ী দল। তা হ্যাজার্ড-ডি ব্রুইনা-লুকাকুদের বেলজিয়াম নাকি রোনালদো-পেপে-জোতাদের পর্তুগাল—কাকে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে চান মানচিনি? এই প্রশ্নে ইতালি কোচ অবশ্য কূটনৈতিক উত্তরই দিলেন, ‘দুটিই অসাধারণ দল। সে কারণে কোনো একটিকে বেছে নেওয়া কঠিন।’

বাংলাদেশ সময় আজ রাত একটায় স্পেনের শহর সেভিয়ায় বেলজিয়াম আর পর্তুগাল হবে মুখোমুখি। আজ শেষ ষোলোতে এর আগেও অবশ্য একটি ম্যাচ আছে, রাত ১০টায় সে ম্যাচে হাঙ্গেরির বুদাপেস্টে নেদারল্যান্ডস লড়বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে।