অস্ট্রেলিয়া বলেই আশা!

এত দিন শুধু অনুশীলন মাঠ, খেলার ভেন্যু ও বাং সাইন সৈকতে ঘোরাঘুরির মধ্যেই ছিল বাংলাদেশ দল। এক সপ্তাহ থাইল্যান্ডে এলেও কালই তাদের বিচরণক্ষেত্রটা একটু বড় হলো। প্রথম ঘুরতে বেরিয়েছিল কৃষ্ণা-সানজিদারা। চনবুরির এক শপিংমলে ঢুকে ফুটবলাররা ভীষণ খুশি। কেউ সেলফি তুলল। কেউ খোঁজ নিল জার্সি-বুটের। পছন্দের ব্র্যান্ডের বুট পেয়ে কিনেও ফেলল দু-একজন।
গতকাল কোনো অনুশীলন রাখেননি কোচ গোলাম রব্বানী। আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। গত দুই ম্যাচের পারফরম্যান্স ভুলে এ ম্যাচেই সবচেয়ে ভালো খেলার প্রত্যয় কৃষ্ণা-সানজিদাদের। জাপানের সঙ্গে ৩ গোলে হারলেও মেয়েদের পারফরম্যান্সে খুশি কোচ। মহিলা ফুটবলের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে খেলে তাদের আত্মবিশ্বাসও বেড়েছে।
পরশু রাতে ফুটবলারদের একটি টিউটোরিয়াল ক্লাস হয়েছে। সেখানে কোচ গোলাম রব্বানী এবং বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি দেখিয়ে দিয়েছেন জাপানের বিপক্ষে ম্যাচের ভুলগুলো। সকালে হোটেলের জিমে প্রায় ৪৫ মিনিট খেলোয়াড়দের ফোম রোলারের ওপর স্ট্রেচিং করিয়েছেন কোচ। দ্রুত ক্লান্তি কাটিয়ে উঠতে এটি খুব উপকারী। পরে মেয়েরা টিম হোটেলে সাঁতারও কেটেছে কিছুক্ষণ। এরপর দুপুরে সেন্ট্রাল প্লাজায় ঘুরতে যাওয়া। ফুটবলারদের চাঙা রাখাটাই মূল উদ্দেশ্য।
জাপানের বিপক্ষে যেমন খেলেছে, তার চেয়েও ভালো খেলতে চায় মেয়েরা। গত ম্যাচে দুর্দান্ত খেলেছে গোলরক্ষক মাহমুদা। অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভালো করতে চায় সে, ‘জাপানের সঙ্গে যেমন খেলেছি চেষ্টা থাকবে পরের ম্যাচেও এমনটাই খেলার।’
পরশু ম্যাচ শেষে অন্যরা দ্রুত হোটেলে ফিরলেও মাহমুদা ও মণিকা ছিল স্টেডিয়ামে। এএফসির অ্যান্টিডোপিং কর্মকর্তারা দ্বৈবচয়ন ভিত্তিতে এই দুজনকে বেছে নেন। ডোপ পরীক্ষা শেষে গভীর রাতে ফেরে দুজন। কোরিয়ার কাছে ৯ গোল খাওয়ার পর নাকি ঘুমই হয়নি মাহমুদার। তবে পরশু রাতে ঘুমটা ভালো হয়েছে, ‘কোরিয়ার সঙ্গে হারের পর ভীষণ খারাপ লেগেছে। তবে ওই ম্যাচ নিয়ে সারাক্ষণ চিন্তা করলে জাপানের সঙ্গে ভালো করতে পারতাম না। তাই বাজে চিন্তা ঝেড়ে ফেলে সামনের ম্যাচ নিয়ে ভেবেছি। এ জন্যই জাপানের সঙ্গে ভালো খেলতে পেরেছি। ভালো খেলেছি বলে রাতে ঘুমও ভালো হয়েছে।’
জাপানের সঙ্গে ৩৯ মিনিটেই ৩ গোল খায় বাংলাদেশ। কিন্তু এরপর থেকেই ‘খেলা’ শুরু হয় মাহমুদার। গোলবারের অতন্দ্র প্রহরী হয়ে বাকি ৫১ মিনিটে জাপানি ফরোয়ার্ডদের রুখে দেন একাই। জাপানের কোচ কুসুনোজ নাওকি তো মাহমুদার প্রশংসায় পঞ্চমুখ। জাপানের সঙ্গে এমন খেলার পর আত্মবিশ্বাসও বেড়েছে কলসিন্দুরের কিশোরীর, ‘আমি এখন অনেক আত্মবিশ্বাসী। একটা বল ঠেকানোর পর পরের বলটা আরও সহজ হয়ে গেছে। বলের প্রতি মনোযোগ রেখেছিলাম সারাক্ষণ।’
গ্রুপ পর্বে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া একই অবস্থানে। দুই দলেরই দুটি করে হার। বাংলাদেশ দুই ম্যাচে খেয়েছে ১২ গোল। অস্ট্রেলিয়াও তাই। প্রথম ম্যাচে জাপানের কাছে অস্ট্রেলিয়া খেয়েছিল ৫ গোল। পরশু উত্তর কোরিয়া দিয়েছে ৭ গোল। অস্ট্রেলিয়ার সঙ্গে কিছু একটা করতে চায় মেয়েরা।
কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের রক্ষণ বলতে কিছু ছিল না। কিন্তু জাপানের সঙ্গে বাংলাদেশের রক্ষণ ছিল জমাট। মেয়েরা ওপরে উঠেছে একসঙ্গে। নেমেছেও একই সঙ্গে। দলের মিডফিল্ডার শামসুন্নাহার উন্নতির কারণটা জানে, ‘আসলে আমরা গত এক বছর জাপান, কোরিয়া, চীনে অনেক ম্যাচ খেলেছি। এই প্রস্তুতি ম্যাচে আমাদের কেমন উন্নতি হয়েছে তা কাল বুঝতে পেরেছেন সবাই। কোরিয়ার সঙ্গে যেটি খেলেছিলাম ওটা আমাদের আসল খেলা না।’
দুটি ম্যাচে জয়হীন বাংলাদেশ টুর্নামেন্ট থেকে অন্তত একটা হলেও পয়েন্ট নিয়ে ফিরতে চায়। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলেই আশা আছে।