অস্ট্রেলিয়া ম্যাচেও নিষিদ্ধ ক্রুইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডি ক্রুইফ
ডি ক্রুইফ

লোডভিক ডি ক্রুইফ হয়তো ভেবেছিলেন এক ম্যাচেই পার পাবেন। কিন্তু ফিফার শৃঙ্খলা কমিটি তাঁকে আরও একটি ম্যাচ নিষিদ্ধ করেছে। আগামী ৩ সেপ্টেম্বর তাই পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে ডাগআউটে বসার অধিকার হারিয়েছেন বাংলাদেশের ডাচ কোচ। একই সঙ্গে ডি ক্রুইফকে গুনতে হবে সাড়ে আট হাজার সুইস ফ্রাঁ (৬ লাখ ৭২ হাজার টাকা) জরিমানাও।
গত ১১ জুন বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচের সূত্র ধরেই এই দণ্ড। ওই ম্যাচের শেষ দিকে পানির বোতলে লাথি মেরে ডাগআউটে হাত-পা ছুড়েছিলেন ডি ক্রুইফ। চতুর্থ রেফারি তাঁকে নিবৃত্ত করতে এলে বাংলাদেশ কোচ আরও উত্তেজিত হন। রেফারি তাঁকে ডাগআউট থেকে বের করে দেন। চতুর্থ রেফারির সঙ্গে অশোভন আচরণের শাস্তি হিসেবে স্বয়ংক্রিয়ভাবেই ডি ক্রুইফ নিষিদ্ধ হন এক ম্যাচ। ১৬ জুন তাজিকিস্তানের সঙ্গে তাই কোচকে বসতে হয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে।
ফিফার শৃঙ্খলা কমিটির চাওয়া ব্যাখ্যায় ডি ক্রুইফ আত্মপক্ষ সমর্থন করেন এভাবে, নিজ দলের খেলায় হতাশার বহিঃপ্রকাশই ছিল ওটা। তবে রেফারি বা সহকারী রেফারিকে উদ্দেশ করে অশোভন আচরণ করেননি। কিন্তু সহকারী রেফারি ফিফার কাছে অভিযোগ করেন, ক্রুইফ তাঁকে গালি দিয়ে বলেছিলেন, ‘এটা আমার এলাকা (ডাগআউট)। এখানে নাক গলাতে আসবেন না।’
সবকিছু বিচার-বিশ্লেষণ করে আরও এক ম্যাচ শাস্তি দিয়েছে ফিফা। এর আগেও কাঠমান্ডুতে সাফ ফুটবলে ডাগআউটে অশোভন আচরণের জন্য রেফারি সতর্ক করেছিলেন ডি ক্রুইফকে। ভারত ম্যাচে ডাগআউট থেকে তাঁকে পাঠানো হয় গ্যালারিতে। বারবার একই কাণ্ড করায় কোচের ওপর ক্ষুব্ধ বাফুফের টিম ম্যানেজমেন্ট কমিটিও। কড়া ভাষায় সেটি কোচকে কাল জানিয়েও দেওয়া হয়েছে। আর্থিক জরিমানার দায়িত্বও নিতে রাজি নয় বাফুফে। হল্যান্ডে অবস্থানরত কোচকে বলা হয়েছে জরিমানার টাকা দিতে হবে তাঁকেই।
ডাগআউটে থাকতে না পারলেও অবশ্য অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গেই থাকবেন ডি ক্রুইফ। টিকিট পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাঁর ঢাকা আসার কথা ১৭ আগস্ট। ঢাকা এসে বরাবরের মতো লিগের ম্যাচ না দেখেই খেলোয়াড় ডাকবেন, স্থানীয়দের সহায়তায় একটা দল গড়বেন। একেই বলে খণ্ডকালীন কোচ!