অস্ট্রেলিয়ার আরেক সমস্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেই চোট সমস্যায় জর্জর অস্ট্রেলিয়া। চারজন খেলোয়াড় এরই মধ্যে ছিটকে পড়েছেন দল থেকে। আজ বাদে কাল বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। তার আগে গোদের ওপর বিষফোড়ার মতো আরেকটা সমস্যারও উৎপাত। বেতন-ভাতা নিয়ে ফেডারেশনের সঙ্গে খেলোয়াড়দের টানাপোড়েন চলছে অনেক দিন থেকেই। তারই অংশ হিসেবে পৃষ্ঠপোষকদের কোনো অনুষ্ঠানেই যাচ্ছেন না অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা। কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু ব্যাপারটা নিয়ে খুবই বিরক্ত।
অস্ট্রেলিয়ার পেশাদার খেলোয়াড়দের সংগঠন পিএফএর সঙ্গে অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনের (এফএফএ) বেতন-ভাতা নিয়ে দর-কষাকষি পুরোনো খবরই। বাংলাদেশ ম্যাচের আগে ব্যাপারটা নিয়ে বিতর্ক উসকে উঠল আরেকটু। খেলোয়াড়েরা এই সপ্তাহে পৃষ্ঠপোষকদের কোনো ধরনের প্রচারণামূলক অনুষ্ঠানেই অংশ নেননি। অবশ্য সকারু স্ট্রাইকার ম্যাথু লেকির দাবি, এ ব্যাপারটা মাঠের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে না। তবে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনুষ্ঠান বর্জন চলবে বলে আভাসও দিয়েছেন লেকি।
কোচ পোস্তেকোগলুকেও এ নিয়ে নানা প্রশ্ন শুনতে হচ্ছে। খেলার আগে এসব প্রশ্নের সামনে পড়ায় কোচের উত্তরটাও হলো অনুমিত, ‘আমার তো দল নির্বাচন, কৌশল এসব কিছু নিয়েই কথা বলার কথা। দলে এসব নিয়ে যা হচ্ছে, তাতে আমি খুশি নই। খেলোয়াড়দের আমি সব সময় পাই না, যে সময়টুকু পাই, সেটা খুবই দামি। আমি চাই না, এসব নিয়ে কোনো সময় নষ্ট হোক।’ রয়টার্স।