অস্ট্রেলিয়ার প্রথম, না কোরিয়ার তৃতীয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় কিছু করার স্বপ্ন নিয়েই ২০০৬ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনে (এএফপি) যোগ দেয় অস্ট্রেলিয়া। ওশেনিয়া ছেড়ে এশিয়ায় এসে পর পর দুটি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠে কিছুটা পূরণ হয়েছে সেই স্বপ্ন। সকারুদের আরেকটা স্বপ্নও আজ সত্যি হয়ে যেতে পারে। সিডনির অলিম্পিক স্টেডিয়ামে এশিয়ান কাপের ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলেই মহাদেশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট হবে অস্ট্রেলিয়ার।
আজকের ফাইনালটা প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার জন্যও আক্ষেপ ঘোচানোর উপলক্ষ। ১৯৫৬ ও ১৯৬০ সালে প্রথম দুটি আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই এশিয়ান কাপটা কুহেলিকা হয়ে আছে কোরিয়ানদের কাছে। বিশ্বকাপে এশিয়ার নিয়মিত মুখ হয়ে ওঠা দলটি কী এক অদৃশ্য কারণে ৫৫ বছর ধরে খালি হাতেই ফিরেছে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর থেকে। কোরিয়ানরা তো এবার ফাইনালেই উঠল ২৭ বছর পর।
এক পাশে টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করা দল অস্ট্রেলিয়া। অন্য পাশে একটিও গোল না-খাওয়া দক্ষিণ কোরিয়া। জমজমাট এক লড়াইয়ের প্রতিশ্রুতি দিচ্ছে পরিসংখ্যানটা। গ্রুপপর্বে প্রথম সাক্ষাতে দক্ষিণ কোরিয়ার কাছে ০-১ গোলে হেরে গেলেও আজকের ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়া একটু এগিয়ে। গ্রুপপর্বের ওই ম্যাচে অস্ট্রেলিয়া বিশ্রাম দিয়েছিল দলের সর্বকালের সেরা গোলদাতা টিম কাহিলকে। অ্যাঙ্কেলের চোটে খেলতে পারেননি অধিনায়ক মাইল জেডিনাকও। দুজনেই আছেন আজ।
কোরীয় শিবিরেও অস্ত্রের অভাব নেই। ২০০২ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা দলটির মূল ভরসা বেয়ার লেভারকুসেন তারকা সন হিয়ুং-মিন। কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে সনের জোড়া গোলেই উজবেকিস্তান-বাধা পেরিয়েছিল কোরিয়ানরা।
আজ বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু ফাইনালে কোরিয়ানরা সকারুদের স্বপ্ন ভাঙে কি না সময়ই বলবে। তবে ফাইনালের আগের দিনটা দুঃস্বপ্নের মতো শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার। মধ্যপ্রাচ্যের দেশগুলো এশিয়ান ফুটবলে দেখতে চায় না অস্ট্রেলিয়াকে, কাতারের দৈনিক আল ইতিহাদের এক প্রতিবেদনে এএফসির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফাকে উদ্ধৃত করা হয় এভাবে। তা নিয়েই হইচই সারা দিন। তবে পরে এএফসি সভাপতি বিবৃতি দিয়ে জানিয়েছেন, তাঁর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এএফপি।