অস্ট্রেলিয়ার মিশন এশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরের মাঠে এশিয়ান কাপ ফুটবলে ফেবারিট হিসেবেই শুরু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আগের দিন টিম কাহিলের (ডানে) সঙ্গে অনুশীলনে দুই অস্ট্রেলীয় সতীর্থ l এএফপি
ঘরের মাঠে এশিয়ান কাপ ফুটবলে ফেবারিট হিসেবেই শুরু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আগের দিন টিম কাহিলের (ডানে) সঙ্গে অনুশীলনে দুই অস্ট্রেলীয় সতীর্থ l এএফপি

২০১৫ এশিয়ান কাপ ফুটবলের আয়োজক অস্ট্রেলিয়া। এবার মহাদেশীয় সীমানাই ছাড়িয়ে গেল এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর। ২০০৬ সালে ওশেনিয়ান ফুটবল কনফেডারেশন ছেড়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনে যোগ দেওয়া অস্ট্রেলিয়াতেই আজ পর্দা উঠছে ষোড়শ এশিয়ান কাপের। এশিয়ার ঐতিহ্যবাহী ফুটবল শক্তিগুলোকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার পতাকা সবার ওপরে তুলে ধরার লক্ষ্যেই আজ অভিযান শুরু করছে স্বাগতিকেরা। ৩০ হাজার দর্শক ধারণক্ষমতা মেলবোর্নের রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় অস্ট্রেলিয়া-কুয়েত ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৬ জাতির এই ফুটবল টুর্নামেন্ট।
এশীয় ফুটবলে নিজের উপনিবেশ গড়ার প্রাথমিক কাজটা এরই মধ্যে শুরু করেছে অস্ট্রেলিয়া। গত নভেম্বরে এএফসি চ্যাম্পিয়নস লিগ জিতেছে অস্ট্রেলিয়ার ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স। এবার কি সকারুরদের পালা? ক্রিকেট, রাগবি, রুলস ফুটবলের দেশটি আসল ফুটবলও যে ভালো খেলে তার প্রমাণ তো ব্রাজিল বিশ্বকাপই। প্রথম পর্ব থেকে বিদায় নিলেও বিনোদনদায়ী ফুটবলই উপহার দিয়েছিলেন টিম কাহিলরা।
অস্ট্রেলিয়ার সাফল্যের পথে সবচেয়ে বড় কাঁটা জাপান। ২০১১ সালে কাতার এশিয়ান কাপের ফাইনালে এই জাপানের কাছে অতিরিক্ত সময়ের গোলে হেরেই স্বপ্ন চুরমার হয়েছিল অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়াকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে কার্লোস কুইরোজের ইরানও। মধ্যপ্রাচ্যের দেশটি ‘ডাউনআন্ডারে’ এসেছে ৩৯ বছরের খরা কাটানোর প্রত্যয় নিয়েই।
বিশ্বকাপে এশিয়ার সবচেয়ে পরিচিত মুখ দক্ষিণ কোরিয়ার অপেক্ষাটা আরও বড়। ১৯৬০ সালে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পর গত ৫৫ বছরে এশিয়া কাপটা কুহেলিকা হয়েই আছে কোরিয়ানদের কাছে। সমীহ করতে হবে ২০১১ সালের সেমিফাইনালিস্ট মধ্য এশিয়ার দল উজবেকিস্তানকেও। এবার প্রথমবারের মতো খেলবে ফিলিস্তিন। এএফসি চ্যালেঞ্জ কাপ জিতেই চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে যুদ্ধপীড়িত দেশটি।
চার গ্রুপের প্রথম পর্ব শেষে আট দল উঠবে কোয়ার্টার ফাইনালে। ৩১ জানুয়ারি অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম, স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় ফাইনাল। ৮৩৫০০ দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামকেই পাখির চোখ করেছে ১৬ দল। এএফপি।