অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো করার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সকালে বাং সাইন সৈকতে আড্ডা দিল শামসুন্নাহার (বাঁয়ে) ও মাহমুদা। ছবি: প্রথম আলো
আজ সকালে বাং সাইন সৈকতে আড্ডা দিল শামসুন্নাহার (বাঁয়ে) ও মাহমুদা। ছবি: প্রথম আলো

ম্যাচ শেষে কাল রাতে সব খেলোয়াড় টিম হোটেলে ফিরলেও মাহমুদা খাতুন এবং মনিকা চাকমা বসে ছিল স্টেডিয়ামেই। এএফসির অ্যান্টি ডোপিং কর্মকর্তারা দ্বৈবচয়ন ভিত্তিতে এই দুজনকে বেছে নেন কাল। ডোপ টেস্ট শেষে গভীর রাতে হোটেলে ফেরে দুজন।

থাইল্যান্ডে মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৯ গোল হজমের পর রাতে ঘুমাতেই পারেনি বাংলাদেশের গোলরক্ষক মাহমুদা। ওই ম্যাচে ৭ গোল খাওয়ার পর মাঠে নামে কলসিন্দুরের মেয়ে। কাল খেলেছে শুরু থেকেই। এই টুর্নামেন্টের রানার্সআপ জাপানের সঙ্গে দেখিয়েছে দুর্দান্ত পারফরম্যান্স। আর তাতেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের কাছে মাত্র ৩ গোলে হার। গভীর রাতে হোটেলে ফিরলেও কাল শান্তিমতো একটু ঘুমাতে পেরেছে মাহমুদা।
দলের এমন পারফরম্যান্সে খুশি কর্মকর্তা, কোচ, খেলোয়াড় সবাই। জাপানের সঙ্গে খেলে আত্মবিশ্বাস বেড়েছে মেয়েদের। কাল রাতেই মেয়েদের একটি টিউটোরিয়াল ক্লাস হয়েছে। সেখানে কোচ গোলাম রব্বানী ছোটন এবং বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি দেখিয়ে দিয়েছেন জাপানের বিপক্ষে করা ভুলগুলো। এরপর আজ সকালে হোটেলের জিমে প্রায় ৪৫ মিনিট খেলোয়াড়দের ফোম রোলারের ওপর স্ট্রেচিং করিয়েছেন কোচ। দ্রুত ক্লান্তি সারিয়ে তুলতে এবং চোট ঠেকাতে এই অনুশীলনটা ভীষণ উপকারী মেয়েদের। আজ দুপুরে কৃষ্ণা-সানজিদাদের স্থানীয় শপিং মলে নিয়ে যাওয়ার কথা রয়েছে। ফুটবলারদের চনমনে রাখতে কোনো কিছুরই কমতি রাখছে না বাফুফে।
জাপানের সঙ্গে যেমন খেলেছে, এর চেয়েও ভালো খেলতে চায় মেয়েরা। আগামী পরশু অস্ট্রেলিয়ার সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে বাংলাদেশ। দুই দলেরই অবস্থান এক জায়গায়। দুটি করে হার দুই দলের। কোনো পয়েন্ট নেই। বাংলাদেশ দুই ম্যাচে খেয়েছে ১২ গোল। অস্ট্রেলিয়াও তা-ই। প্রথম ম্যাচে জাপানের কাছে অস্ট্রেলিয়া খেয়েছিল ৫ গোল। কাল উত্তর কোরিয়া দিয়েছে ৭টি। অস্ট্রেলিয়া আর বাংলাদেশ যেন টুর্নামেন্টে একই সমান্তরালে দাঁড়িয়ে।
অস্ট্রেলিয়ার সঙ্গে জয় নিয়ে তাই দেশে ফিরতে চায় মেয়েরা। সবার হয়ে শামসুন্নাহার যেন সেটাই বলল আজ। সকালে বাং সাইন সৈকতে দাঁড়িয়ে দলের এই সেরা ডিফেন্ডার বলছিল, ‘কোরিয়ার কাছে ৯ গোল খেয়ে সবার খারাপ লেগেছে। আমাদেরও মন খারাপ ছিল। তবে যেহেতু জাপানের সঙ্গে ৩ গোল খেয়েছি। শক্তিশালী দলের বিপক্ষে এই ফল অনেক ভালো। আমাদের মনোবল এখন অনেক বেড়ে গেছে। অস্ট্রেলিয়ার সঙ্গেও আমরা ভালো করব। বাংলাদেশকে একটা ভালো কিছু উপহার দেব। মানুষ ভাবে আমরা খেলতে পারি না। কিন্তু আমরা খেলে দেখিয়ে দিয়েছি। এবার অস্ট্রেলিয়ার সঙ্গে জয়ের আশা নিয়েই মাঠে নামব।’
কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের রক্ষণ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কিন্তু কাল বাংলাদেশের রক্ষণ ছিল জমাট। মেয়েরা এক লয়ে খেলেছে। ওপরে উঠেছে একসঙ্গে। নেমেছেও একই সঙ্গে। এই উন্নতির রহস্য বলল শামসুন্নাহার, ‘আসলে আমরা গত এক বছর জাপান, কোরিয়া, চীনে অনেক ম্যাচ খেলেছি। এই প্রস্তুতি ম্যাচে আমাদের কেমন উন্নতি হয়েছে তা কাল বুঝতে পেরেছেন। কোরিয়ার সঙ্গে যেটি খেলেছিলাম ওটা আমাদের আসল খেলা না। কাল যা খেলেছি সেটাই আসল খেলা।’
অস্ট্রেলিয়ার সঙ্গে শতভাগ উজাড় করে দিতে প্রস্তুত শামসুন্নাহার, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে সমানে সমান খেলব। আমরা ওদের চেয়েও বেশি গোল দেওয়ার চেষ্টা করব। ওদের সঙ্গে হারতে চাই না আমরা।’