অস্ট্রেলিয়া-কোরিয়া ফাইনাল
ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ট্রেন্ট সেইন্সবুরি হুংকার দিয়েছিলেন, ‘বেদনায় নীল না হওয়া পর্যন্ত আমিরাতের টুঁটি চেপে ধরব!’ কে জানত, মাত্র তিন মিনিটের মধ্যে সেইন্সবুরি সেই সুযোগ পেয়ে যাবেন। তিন মিনিটের মাথায় ম্যাচের প্রথম কর্নার পেল অস্ট্রেলিয়া, তা থেকেই গোল করলেন এই ডিফেন্ডার। পরে জেসন ডেভিডসনের আরেকটি গোলে সংযুক্ত আরব আমিরাতকে কাল ২-০ ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। নিজেদের মাঠে এশিয়ান কাপের ট্রফি হাতে নেওয়ার জন্য অস্ট্রেলিয়ার সামনে এখন শুধু ফাইনাল-বাধা। শনিবারের ফাইনালে তাদের অপেক্ষায় রয়েছে দক্ষিণ কোরিয়া। প্রথম সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াও একই ব্যবধানে হারিয়েছে ইরাককে।
ম্যাচটা আসলে প্রথম ১৫ মিনিটেই শেষ হয়ে গেছে। তিন মিনিটে সেইন্সবুরির গোলের পর ১৫ মিনিটে গোল করেন লেফটব্যাক ডেভিডসন। ১০ মিনিটেই অবশ্য সমতা ফেরাতে পারত আমিরাত, কিন্তু আহমেদ খলিলের শট ফিরে আসে পোস্টে লেগে। আমিরাত কোচ মাহদি আলীর সরল স্বীকারোক্তি, ‘সেমিফাইনালের মতো এত বড় একটা ম্যাচে প্রথম ১৫ মিনিটে দুই গোল খাওয়ার পর ফিরে আসা কঠিন। পুরো ৯০ মিনিটেই মনোযোগ রাখতে হবে, নইলে আপনি হারবেন।’
জাপানের সঙ্গে সেই দুর্দান্ত আমিরাতকে কাল খুঁজেই পাওয়া যায়নি। কোচ মাহদি আলীর অজুহাত, ‘আমরা ফিরে আসার সাধ্যমতো চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যাপারটা সহজ ছিল না। অনেক খেলোয়াড়ই ক্লান্ত ছিল, আমাদের খেলোয়াড়দের জন্য খেলায় ফিরে আসাটা সহজ ছিল না।’
আমিরাত সেভাবে অস্ট্রেলিয়াকে খুব একটা চাপ দিতে পারেনি। অস্ট্রেলিয়ার খেলায়ও খুব একটা ধার ছিল না। রবি ক্রুস সেটি মেনে নিয়েই চোখ রাখছেন ফাইনালে, ‘কখনো কখনো সেমিফাইনালে আপনার সেরাটা না দিলেও চলে।’
২০১১ সালে জাপানের কাছে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল অস্ট্রেলিয়ার। এবার দেশের মাটিতে সেই আক্ষেপ দূর করতে চাইবেন ক্রুসরা। এএফপি।