অস্ত্রের বিনিময়ে ভোট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেপ ব্ল্যাটার তাহলে জড়িয়ে যাচ্ছেন জালে? ফিফার শীর্ষ কর্তাদের কয়েকজন গ্রেপ্তার হওয়ার পর আঙুল ফিফা সভাপতির দিকে উঠেছিল। ব্ল্যাটারের কড়া সমালোচক ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারম্যান গ্রেগ ডাইক এখন ব্ল্যাটারের গ্রেপ্তারের সম্ভাবনাও দেখতে পাচ্ছেন। এদিকে ফিফা নিয়ে মহাবিতর্কে নতুন এক বোমা ফাটিয়েছে জার্মান দৈনিক ডাই জেইট। দাবি করা হয়েছে, ২০০৬ বিশ্বকাপে সৌদি আরবের ভোট পাওয়ার জন্য তাদের অস্ত্র সরবরাহ করেছিল জার্মানি!
গত শুক্রবার জার্মান দৈনিকটিতে প্রকাশিত খবরে বলা হয়েছে, ২০০৬ বিশ্বকাপের আগে তখনকার জার্মান চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার সৌদি আরবকে রকেটচালিত গ্রেনেডসহ আরও অনেক আগ্নেয়াস্ত্র পাঠিয়েছিলেন। মনে করিয়ে দেওয়া দরকার, সেবার দক্ষিণ আফ্রিকাকে ১২-১১ ভোটে হারিয়ে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায় জার্মানি।
সেপ ব্ল্যাটার এরই মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নতুন সভাপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালনকালে ফিফার সংস্কারের ঘোষণাও দিয়েছেন। তবে সাবেক উয়েফা সভাপতি লেনার্ট ইয়োহানসন ব্ল্যাটারকে সেই সময়টাও দেওয়ার বিপক্ষে, ‘আমার মনে হয় তাঁর যত শিগগির সম্ভব চলে যাওয়া উচিত। আমার মনে হয় এফবিআই গোয়েন্দারা কার মাধ্যমে ও কীভাবে কী হয়েছে, সব তাঁকে বলেছেন। মহাসচিব (জেরোম ভালকে) আমেরিকায় মিলিয়ন ডলার পাঠিয়ে দিচ্ছেন আর সভাপতি কিছুই জানেন না? তিনি সবকিছুই জানেন, আমার অন্তত বিশ্বাস তা-ই।’ ইয়োহানসনের সঙ্গে ব্ল্যাটারের পুরোনো শত্রুতা আছে, ১৯৯৮ সালে ফিফা সভাপতি পদে ব্ল্যাটারের সঙ্গে লড়ে হেরে গিয়েছিলেন এই সুইডিশ। দুজন ফিফা নির্বাহী কমিটিতে দীর্ঘদিন কাজ করেছেন। ফিফার ভেতর-বাইরের অনেক খবরই ইয়োহানসন জানেন।
এফএ চেয়ারম্যান গ্রেগ ডাইক ভবিষ্যদ্বাণী করেছেন, ফিফায় দুর্নীতি নিয়ে এই তুলকালামের অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে ব্ল্যাটার গ্রেপ্তার হতে যাচ্ছেন। ২০১৮ রাশিয়া ও ২০২২ কাতার বিশ্বকাপের বিড নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেটির তদন্ত করছে যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড কর্তৃপক্ষ। এই দুটি বিশ্বকাপের ভাগ্য নিয়েও প্রশ্ন উঠেছে। ২০১৮ বিশ্বকাপের আয়োজক হতে রাশিয়ার প্রতিদ্বন্দ্বী ছিল ইংল্যান্ড। কোনো কারণে যদি আবার ভোটাভুটি হয় ইংল্যান্ড কি লড়বে? ডাইক সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। এএফপি।