‘অস্বস্তি’ নিয়ে শেষ আটে চেলসি, সঙ্গী লিভারপুলও

চেলসিকে গোল এনে দেওয়ার পর টিমো ভের্নারছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন রোমান আব্রামোভিচ। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রাজনৈতিক মারপ্যাঁচের মাঝে পড়ায় ‘অবিশ্বাস্যরকম কঠিন’ সিদ্ধান্তটা নিতে হচ্ছে রাশিয়ান ধনকুবেরকে।

কাল এফএ কাপে চেলসি মাঠে নামার ঘণ্টাখানেক আগে চেলসি বিক্রির কথা জানান আব্রামোভিচ। ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল লুটন টাউনের বিপক্ষে ৩-২ গোলে জয়ের পর চেলসি তাদের মালিক আব্রামোভিচকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু করেছে।

আব্রামোভিচের সিদ্ধান্তটা সংবাদমাধ্যমে প্রকাশের আগে চেলসির খেলোয়াড়েরা কিছুই জানতেন না। ম্যাসন মাউন্ট-রোমেলু লুকাকুদের মাঠে নামতে হয়েছে একটু অস্বস্তি নিয়েই। ২ মিনিটের মাথায় রিস বার্কের গোলে লুটন এগিয়ে গেলে আরও অস্বস্তিতে পড়ে চেলসি।

লিভারপুলকে জোড়া গোল এনে দেন মিনামিনো
ছবি: রয়টার্স

২৭ মিনিটে সল নিগেজের গোলে চেলসি সমতায় ফিরলেও আবারও পিছিয়ে পড়ে টুখেলের দল। ৪০ মিনিটে হ্যারি কর্নিকের গোলে আবারও এগিয়ে যায় লুটন। ৬৮ মিনিটে রুবেন লফটাস-চিকের ক্রস থেকে গোল করে চেলসিকে আবারও সমতায় ফেরান টিমো ভের্নার। ৭৮ মিনিটে ভের্নারের ক্রস থেকে চেলসিকে জয়সূচক গোলটি এনে দেন লুকাকু।

কোয়ার্টার ফাইনালে চেলসির সঙ্গে উঠেছে লিভারপুলও। ঘরের মাঠে নরউইচ সিটিকে ২-১ গোলে হারায় ইয়ুর্গেন ক্লপের দল। প্রথমার্ধেই জোড়া গোল করেন লিভারপুলের জাপানি উইঙ্গার তাকাশি মিনোমিনো। তাঁকে একাদশে রেখে মোট ১০টি পরিবর্তন নিয়ে মাঠে দল নামান ক্লপ।

২৭ মিনিটে ডিভোক ওরিগির পাস থেকে প্রথম গোলটি করেন মিনোমিনো। ৩৯ মিনিটে বক্সের ডান প্রান্ত থেকে দারুণ শটে দ্বিতীয় গোলটি এনে দেন মিনোমিনো। এ মৌসুমে নরউইচকে চারবার হারাল লিভারপুল।

ইংলিশ প্রিমিয়ার লিগে দুই ম্যাচ, লিগ কাপে তৃতীয় রাউন্ড এবং কাল এফএ কাপের পঞ্চম রাউন্ডে নরউইচের বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল। নিজেদের ইতিহাসে এই প্রথমবারের মতো এক মৌসুমে চারবার কোনো দলের মুখোমুখি হয়ে প্রতিবারই জিতল অ্যানফিল্ডের ক্লাবটি।

জোরাল শটে গোল করছেন মিনোমিনো
ছবি: রয়টার্স

জয়ের পর মিনোমিনোর প্রশংসাই করেছেন লিভারপুল কোচ ক্লপ, ‘তাকে খুব তীক্ষ্ণ মনে হলো। একদম পূর্ণাঙ্গ পারফরম্যান্স। দারুণ দুটি গোল করেছে, তবে এর বাইরে যেভাবে খেলেছে সেটা অসাধারণ।’