অহমের লড়াইয়ের বলি ওঁরা!
খুরশিদা বেগম স্বপ্ন দেখতেন, ছেলে একদিন বড় ফুটবলার হবে, খেলবে জাতীয় দলে। ছেলের খেলা মাঠে বসে দেখবেন। গোলরক্ষক শহীদুল আলম সোহেল ঠিকই জাতীয় দলের জার্সিতে উজ্জ্বলই। কিন্তু ছয় বছর আগে পরপারে পাড়ি জমানো মা দেখে যেতে পারেননি ছেলের খেলা। এবার ঘরের মাঠে সোহেলের খেলা দেখতে অপেক্ষায় আত্মীয়স্বজনেরা। দুর্ভাগ্য সোহেলের। সেই সুযোগ হয়তো পাবেন না। ২০ অক্টোবর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে সোহেলের ক্লাব শেখ জামাল ধানমন্ডি যে খেলছেই না।
দেশের চ্যাম্পিয়ন দলটি টুর্নামেন্টে না খেললেও তাদের ফুটবলারদের অন্য ক্লাবের খেলার অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছিল পরশু পেশাদার লিগ কমিটি। কিন্তু শেখ জামাল সভাপতি মনজুর কাদের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন, ‘আমরা শুধু দেশের সেরা দল নই, এশিয়াতেও শ্রেষ্ঠত্বের পরীক্ষা দিয়েছি। দেশের সেরা তারকা ফুটবলারদের যেখানে মূল্যায়ন করেনি আয়োজকেরা, সেখানে তাদের খেলতে পাঠানোটা মোটেও শোভন নয়।’
ফুটবল অঙ্গনে গুঞ্জন, আয়োজক চট্টগ্রাম আবাহনীর সঙ্গে একটা অদৃশ্য অহমের লড়াই চলছে শেখ জামাল ক্লাবের। এ কারণেই তাহলে ফুটবলারদের ছাড়তে রাজি নয় শেখ জামাল? মনজুর কাদের এমনটা মানতে রাজি নন, তিনি দিলেন অন্য যুক্তি, ‘কারোর সঙ্গে আমাদের ইগোর লড়াই নেই। কিন্তু একটা বিষয় দেখতে হবে, যেখানে বঙ্গবন্ধুর এক ছেলের নামে টুর্নামেন্ট হচ্ছে, আর তাঁরই আরও দুই ছেলের নামের দুই ক্লাবকে (শেখ জামাল ও শেখ রাসেল) সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না। এই টুর্নামেন্ট সামনে রেখে নিশ্চয়ই অন্য কোনো সুবিধা নেওয়ার চেষ্টা চলছে তাদের।’
তবে দুই ক্লাবের রেষারেষিতে ক্ষতিটা হবে ফুটবলারদেরই। ফিটনেস ধরে রাখতে এই টুর্নামেন্টে খেলতে চেয়েছিলেন মামুনুলরা। তা ছাড়া কিছু অর্থকড়ির যোগও ছিল। শেখ জামালের বর্তমান দলটিতে খেলছেন জাতীয় দলের নয়জন ফুটবলার। এর মধ্যে চট্টগ্রামেরই চারজন—অধিনায়ক মামুনুল ইসলাম, নাসিরউদ্দিন চৌধুরী, শাখাওয়াত রনি ও শহীদুল আলম সোহেল।
টুর্নামেন্টে খেলতে উন্মুখ সবাই। মামুনুল তো বলেই দিয়েছেন, ‘আমরা ঘরের মাঠে এই টুর্নামেন্টে খেলতে চাই। কারণ আগামী মাসে তাজিকিস্তানের সঙ্গে আমাদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। এ কদিন বসে কাটালে ফিটনেস কমে যাবে। খেলার সুযোগ পেলে অনুশীলনে থাকব, ফিটনেস ধরে রাখাও সহজ হবে।’
স্ট্রাইকার শাখাওয়াত রনির দুঃখটা অন্য জায়গায়, ‘আমার ফুটবল ক্যারিয়ারে চট্টগ্রামে এমন বড় মাপের টুর্নামেন্ট কখনো হয়নি। ভবিষ্যতেও হবে কি না জানি না। এলাকাতে আমাদের একটা পরিচিতি আছে। বন্ধুবান্ধব, বড় ভাইয়েরা ফেসবুকে, ফোনে যখন জানতে চায় আপনাদের খেলা কবে, আমি কোনো জবাব দিতে পারি না।’
পাঁচ বছরের ফুটবল ক্যারিয়ারে কখনোই চট্টগ্রামে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি সোহেল। এই টুর্নামেন্টে সোহেলের খেলা দেখতে চাতক তৃষ্ণায় রয়েছেন তাঁর আত্মীয়স্বজন। সোহেল সখেদে বলছিলেন, ‘অনেক খারাপ লাগছে। চট্টগ্রামে নিজেদের কিছু দর্শক আছে। আমরা খেললে অবশ্যই ওরা মাঠে আসত। তা ছাড়া সময় বা দূরত্বের কারণে আত্মীয়স্বজনেরা ঢাকায় গিয়ে খেলা দেখতে পারে না। ওদের জন্যই বেশি কষ্ট পাচ্ছি।’
টুর্নামেন্টের খেলোয়াড়দের নাম নিবন্ধনের শেষ সময় আগামীকাল। এই দুই দিনের মধ্যে কি মন গলবে শেখ জামাল ক্লাবের কর্মকর্তাদের?